দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন
দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন   ছবি: সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা ধরে নানা ধরনের জটিলতা ও বিভ্রাট শেষে আবারও পুরোপুরি সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। এর আগে আজ রোববার (১৯ জুলাই) দুপুর থেকে ফেসবুকের এই ডেস্কটপ সংস্করণে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় বাংলাদেশের ব্যবহারকারীদের একটি বড় অংশ চরম ভোগান্তিতে পড়েন।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি করার জনপ্রিয় পোর্টাল ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে ব্যবহারকারীদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই অভিযোগকারীর এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ডেস্কটপে ফেসবুক ব্যবহারকারীদের প্রধান অভিযোগ ছিল, তারা কোনোভাবেই আইডিতে লগ-ইন করতে পারছিলেন না। এছাড়া অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছিল এবং নিউজফিড আপডেট বা রিফ্রেশ হচ্ছিল না। ফেসবুকের বিভিন্ন জরুরি ফিচার ব্যবহারের ক্ষেত্রেও তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তবে ওয়েব বা ডেস্কটপ ভার্সনে এই অচল অবস্থা চললেও, মোবাইল অ্যাপে এমন সমস্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

অবশেষে দীর্ঘ দুই ঘণ্টার এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ও ভোগান্তির অবসান ঘটিয়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সন পুনরায় সচল হয়েছে। বর্তমানে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই ডেস্কটপ থেকে লগ-ইন করা ও নিউজফিড দেখার পাশাপাশি ফেসবুকের সব ধরনের সেবা ব্যবহার করতে পারছেন।