আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল।   সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে। এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত না। ত্রাণ যেন সঠিকভাবে বণ্টন করা হয়। গরিবের হক যেন নষ্ট না হয়। চেয়ারম্যান-মেম্বারদের ভাতার ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানজনক জায়গায় আনার চেষ্টা করব।’

এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে।’ এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টনের পরামর্শ দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় ত্রাণের বরাদ্দ হতো এপ্রিলে। এবার থেকে ত্রাণের বরাদ্দ দেওয়া হবে সেপ্টেম্বর মাসে। যাতে বাকি চার মাস বণ্টনের কাজ শেষ করা যায়।