পোশাক কি শুধু শরীর ঢাকে? বিজ্ঞান, মনস্তত্ত্ব ও সমাজ বলছে ভিন্ন কথা
পোশাক কেন পরবো আর কেন পরবো না তা জানা অতীব জরুরি।   ছবি: সংগৃহীত

(পর্ব-১)

পোশাক নিয়ে বিতর্কের শেষ নেই। কারও পোশাকের স্বাধীনতা চাই, কারও বস্তাবন্দি পোশাক চাই, আবার কারও পোশাকই চাই না। চলমান পৃথিবীর যে প্রাকৃতিক নিয়ম, তা যেদিন শেষ হবে সেদিনই হয়তো এই পৃথিবীর সমাপ্তি ঘটবে। তবে প্রশ্ন হলো—মানুষ আসলে যা চায়, তা কি বুঝে চায়, নাকি ব্যক্তিগত চাহিদা, সামাজিক প্রভাব কিংবা অন্য কোনো প্ররোচনার কারণে চায়? আর একজন মানুষের চাহিদার ভিত্তি কী এবং তা কী হওয়া উচিত—সে কি নিজেই তা জানে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাও জরুরি।

পোশাক নিয়ে এই লেখায় লজিক, মনস্তত্ত্ব, বিজ্ঞান ও সমাজিক দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করা হয়েছে।

পোশাক নিয়ে আলোচনা হলেই বিষয়টি প্রায়ই ফ্যাশন, ব্যক্তিগত পছন্দ বা সামাজিক আড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, জামাকাপড় মানুষের সভ্যতা, মনস্তত্ত্ব, নিরাপত্তা, সামাজিক পরিচয় এবং আত্মমর্যাদার সঙ্গে গভীরভাবে জড়িত একটি বিষয়। আদিম যুগের পশুর চামড়া থেকে শুরু করে আধুনিক করপোরেট স্যুট কিংবা ধর্মীয় পোশাক—প্রতিটি পরিধানের পেছনে রয়েছে বহুস্তরীয় বৈজ্ঞানিক, সামাজিক ও সাংস্কৃতিক যুক্তি।

মানুষ কেন পোশাক পরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে টিকে থাকার বিষয়টি। প্রকৃতির প্রতিকূল পরিবেশ থেকে শরীরকে রক্ষা করার জন্যই মূলত পোশাকের উৎপত্তি। তীব্র শীত, প্রখর রোদ, ধুলাবালি কিংবা বৃষ্টির বিরুদ্ধে মানবদেহকে সুরক্ষা দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় ছিল শরীর ঢেকে রাখা। নৃবিজ্ঞানীদের গবেষণা বলছে, প্রায় ১ লাখ ৭০ হাজার বছর আগে মানুষ নিয়মিত পোশাক ব্যবহার শুরু করে। মানুষের শরীর থেকে অতিরিক্ত লোম কমে যাওয়ার পর কৃত্রিমভাবে শরীরের তাপমাত্রা ধরে রাখার প্রয়োজনীয়তা থেকেই পোশাকের ধারণা বিকশিত হয়।

মনোবিজ্ঞানের ভাষায়ও পোশাক মানুষের মৌলিক চাহিদার অংশ। আব্রাহাম মাসলোর বিখ্যাত ‘চাহিদা সোপান’ (Hierarchy of Needs) তত্ত্ব অনুযায়ী, পোশাক মানুষের শারীরিক নিরাপত্তা এবং বেঁচে থাকার মৌলিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ পোশাক বিলাসিতা নয়; এটি মানব অস্তিত্বের প্রাথমিক শর্তগুলোর একটি।

তবে পোশাকের গুরুত্ব কেবল শরীর ঢেকে রাখায় সীমাবদ্ধ নয়। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে পোশাক এক ধরনের ‘সামাজিক ভাষা’। একজন মানুষ কী পরছেন, তা অনেক সময় তার পেশা, সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব এবং বিশ্বাসের পরিচয় বহন করে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন রোমে সাধারণ মানুষ ও রাজপরিবারের পোশাকের রঙ পর্যন্ত আলাদা ছিল। আধুনিক সমাজেও ইউনিফর্ম একইভাবে কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতার প্রতীক। একজন পুলিশ সদস্য, ডাক্তার কিংবা বিচারকের পোশাক মানুষকে নির্দিষ্ট মানসিক বার্তা দেয়, যেখানে শৃঙ্খলা, দায়িত্ব ও নিরাপত্তার অনুভূতি জড়িত থাকে।

পোশাকের আরেকটি বড় দিক হলো শালীনতা ও সাংস্কৃতিক পরিচয়। পৃথিবীর প্রায় প্রতিটি সমাজ এবং ধর্মেই পোশাককে শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় হিসেবে দেখা হয়নি; বরং এটি আত্মমর্যাদা ও নৈতিকতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়েছে। ইসলাম ধর্মে পোশাকের উদ্দেশ্য হিসেবে শরীর আবৃত রাখা, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বজায় রাখার কথা বলা হয়েছে। একইভাবে অন্যান্য ধর্ম ও সংস্কৃতিতেও পোশাককে সামাজিক সংযম ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

আধুনিক বিজ্ঞান পোশাকের প্রভাব নিয়ে আরও বিস্ময়কর তথ্য দিয়েছে। ‘এনক্লোথড কগনিশন’ (Enclothed Cognition) নামে পরিচিত একটি মনস্তাত্ত্বিক ধারণা বলছে, মানুষ কী পোশাক পরছে, সেটি তার চিন্তাভাবনা ও আচরণকেও প্রভাবিত করে। ২০১২ সালে মনোবিজ্ঞানী হাজো অ্যাডাম ও অ্যাডাম গালিনস্কির গবেষণায় দেখা যায়, যারা ডাক্তারের সাদা কোট পরেছিলেন, তাদের মনোযোগ ও কাজের নির্ভুলতা অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। কারণ, মানুষের মস্তিষ্ক পোশাকের প্রতীকী অর্থকে নিজের ব্যক্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করে। অর্থাৎ পোশাক শুধু অন্যকে দেখানোর বিষয় নয়; এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক অবস্থাকেও প্রভাবিত করে।

শরীরবৃত্তীয় বিজ্ঞানও পোশাকের অপরিহার্যতা ব্যাখ্যা করে। গরমে হালকা রঙের সুতি কাপড় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে। আবার শীতে উলের পোশাক শরীরের তাপ আটকে রাখে। একই সঙ্গে পোশাক মশা, জীবাণু ও বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে মানবদেহকে সুরক্ষা দেয়। অর্থাৎ পোশাক মানবদেহের জন্য এক ধরনের চলমান ঢাল।

সাম্প্রতিক সময়ে পোশাক নিয়ে তর্ক-বিতর্ক, যুক্তি ও আলোচনা মূল্যায়ন করলে এটিই প্রতীয়মান হয় যে, অধিকাংশ ব্যক্তি পোশাকের কাজ, প্রভাব ও গুরুত্ব সম্পর্কে অজ্ঞতাবশত নিজের ভুল যুক্তি উপস্থাপন করেন। আবার নিজের ভুল স্বীকার করার উদারতার অভাবে অনেকেই বাস্তবতা ও সঠিক যুক্তির বিপরীতে অটল থাকেন। ফলে আত্মমূল্যায়ন, বস্তুনিষ্ঠতা এবং বাস্তব উপলব্ধি থেকে দূরে সরে যান। এর প্রভাব শুধু ব্যক্তিপর্যায়েই সীমাবদ্ধ থাকে না; আশপাশের মানুষও সেই প্রভাবের আওতায় চলে আসে। এভাবেই একটি ধারণা অনেক সময় পরমাণু বিক্রিয়ার মতো সমাজে ছড়িয়ে পড়ে।

নিজেকে, সমাজকে, বিজ্ঞানকে এবং নিজের বিবেককে কিছু প্রশ্ন করা জরুরি। ধরা যাক, অলিম্পিকের হাই জাম্প, লং জাম্প, ভলিবল কিংবা আইস স্কেটিং যে কোনো খেলায় ছেলেদের ও মেয়েদের পোশাকের মধ্যে পার্থক্য দেখা যায়। অথচ দুজনই একই খেলা খেলছে। তাহলে এই পার্থক্যের কারণ কী?

অবশ্যই এর পেছনে কিছু সামাজিক, বাণিজ্যিক ও মানসিক বাস্তবতা কাজ করে। আকর্ষণ এবং যৌনাকর্ষণও সেই বাস্তবতার একটি অংশ। যদি অন্য কোনো কারণ প্রধান হতো, তাহলে হয়তো পোশাকের ধরনেও এত পার্থক্য থাকত না। প্রশ্ন হলো এসব কি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে বাজারব্যবস্থা, বিনোদনশিল্প ও সামাজিক মনস্তত্ত্বও কাজ করে?

সিনেমা এবং বাস্তব জীবনের মধ্যে বড় পার্থক্য হলো বাস্তব জীবনে দর্শক ধরে রাখার কোনো স্ক্রিপ্ট নেই; এখানে জীবন বাস্তবতার নিয়মে চলে। কিন্তু সিনেমায় দর্শক ধরে রাখতে না পারলে ব্যবসা সফল হয় না। তেমনি পোশাকও একটি বড় ব্যবসা। মানুষ যদি ক্রমাগত নতুন পোশাক না কেনে, তাহলে ব্যবসায়িক লাভ কোথায়?

পৃথিবীতে পানিও বিক্রি হয়, অথচ একজন ব্যক্তি নিজেই পানি বিশুদ্ধ করে নিতে পারেন। কিন্তু অনেকেই তা জানার চেষ্টা করেন না; জানলেও বিশুদ্ধ করেন না। বাস্তবতা অস্বীকার করলেই কি তা মিথ্যা হয়ে যায়?

আজকের পৃথিবীতে পোশাক নিয়ে আলোচনা প্রায়ই দুই চরমে গিয়ে দাঁড়ায়। একদল পোশাককে কেবল ব্যক্তিস্বাধীনতার প্রতীক মনে করেন, অন্যদিকে আরেকদল এটিকে শুধু নৈতিকতার মাপকাঠিতে বিচার করেন। বাস্তবতা হলো, পোশাকের বিষয়টি এত সরল নয়। এটি একই সঙ্গে বিজ্ঞান, সংস্কৃতি, মনস্তত্ত্ব, ধর্ম এবং সামাজিক বাস্তবতার সমন্বয়।

একজন ব্যক্তি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটেন না, কিন্তু পোশাক পরা অবস্থাতেও অনেক সময় নিজেকে উলঙ্গভাবে উপস্থাপন করেন। মেট গালা তার একটি আলোচিত উদাহরণ। কেউ নিজে উন্মুক্ত হয়ে হাটে না আবার অন্যকে উন্মুক্তভাবে দেখতে আগ্রহী হয়, যেমন অন্যের জীবনের ট্র্যাজেডি শুনতেও আগ্রহী হয়; কিন্তু নিজের জীবনে সেই ট্র্যাজেডি চায় না। ভারতের আইপিএল নিয়েও একসময় অভিযোগ উঠেছিল ভারতীয় চিয়ারলিডারদের পোশাকে যেখানে তুলনামূলক শালীনতা বজায় রাখা হয়, সেখানে বিদেশি চিয়ারলিডারদের পোশাকে তা মানা হয় না।

ভাবনার বিষয় হলো কোন ব্যাক্তি অন্যের পণ্য বা পণ্য বিক্রির মাধ্যম হিসাবে ব্যবহৃত হবে কি-না। তবে যে সভ্যতায় প্রতিদিনের খাদ্যে ভেজাল দেয়া হয় এবং তা জানার পরও তার পরের দিন সেই দোকান থেকে খাবার ক্রয় করে। পরিবর্তন অবিশ্বাস্য।

সভ্যতার ইতিহাস প্রমাণ করে, মানুষ শুধু শরীর ঢাকার জন্য পোশাক পরেনি; মানুষ পোশাকের মাধ্যমে নিজের পরিচয়, বিশ্বাস, অবস্থান এবং মানসিকতা প্রকাশ করেছে। তাই পোশাককে কেবল ফ্যাশনের চোখে দেখলে এর গভীর মানবিক ও বৈজ্ঞানিক গুরুত্বকে অস্বীকার করা হয়।

জামাকাপড় কেবল একটি পোশাক নয়; এটি মানুষের সভ্যতার বহমান ভাষা যেখানে নিরাপত্তা আছে, সংস্কৃতি আছে, আত্মমর্যাদা আছে, আবার আত্মপ্রকাশের স্বাধীনতাও আছে।