প্রচণ্ড গরমে বাইরে কাজ করলে কী পরবেন, কী খাবেন?
প্রচণ্ড গরমে বাইরে কাজ করলে কী পরবেন, কী খাবেন?   ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে বাইরে দীর্ঘ সময় কাজ করা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যাঁদের কাজই বাইরে, তাঁদের জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পোশাক, পর্যাপ্ত পানি ও উপযুক্ত খাবার গরমজনিত অসুস্থতা থেকে সুরক্ষা দিতে পারে।

পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওসাবাহ্ নূর এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিনের পরামর্শ অনুযায়ী, বাইরে কাজের সময় হালকা রঙের নরম সুতি কাপড় পরা ভালো। ঢিলেঢালা পোশাক শরীরে বাতাস চলাচল সহজ করে। ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট রোদ থেকে ত্বক সুরক্ষিত রাখে। মাথা ঢাকতে ছাতা, ক্যাপ, হ্যাট, গামছা বা রুমাল ব্যবহার করা যেতে পারে। সঙ্গে অতিরিক্ত রুমাল বা কাপড় রাখলে ঘাম মুছতে সুবিধা হয়। প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে শরীর ঠান্ডাও রাখা যায়।

গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও লবণ বের হয়ে যায়। তাই শুধু পানি নয়, শরীরের লবণের ঘাটতিও পূরণ করতে হবে। সব সময় পানির বোতল সঙ্গে রাখা ভালো। সম্ভব হলে থার্মোফ্লাস্ক ব্যবহার করা নিরাপদ। পানিতে সামান্য লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে। প্রয়োজনে ওরস্যালাইন বা ইলেকট্রোলাইট ড্রিংক পান করা উপকারী। বেশি কায়িক শ্রমের ক্ষেত্রে পানীয়তে অল্প চিনি মেশানোও সহায়ক হতে পারে। ফলের রস বা রসালো ফল শরীর সতেজ রাখতে সাহায্য করে।

পানিশূন্যতা হচ্ছে কি না, তা বোঝার একটি সহজ উপায় হলো প্রস্রাবের রং দেখা। খড়ের মতো হালকা রং স্বাভাবিক। গাঢ় রং ও কম প্রস্রাব হলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হচ্ছে। আবার খুব বেশি সাদাটে প্রস্রাব হলে পানি কিছুটা কম খেতে হবে।

গরমে টানা রোদে কাজ না করে মাঝেমধ্যে ছায়ায় বিশ্রাম নেওয়া জরুরি। সঙ্গে হাতপাখা বা ছোট রিচার্জেবল ফ্যান রাখা যেতে পারে। মাথায় ভেজা রুমাল রাখা, চোখ-মুখে পানি ছিটানো এবং শরীর বেশি গরম লাগলে ঘাড়, বগল ও কুঁচকিতে বরফ ধরলে দ্রুত আরাম মেলে।

খাবারের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। তরমুজ, বাঙ্গি, শসা, বেল, কাঁচা আম ও পেয়ারা গরমের সময় শরীরের জন্য উপকারী। কম তেল ও কম মসলার খাবার খাওয়া ভালো। পাতলা ডাল, মাছের ঝোল বা সবজির ঝোল শরীরের জন্য আরামদায়ক। আমের টকও উপকারী হতে পারে। তবে অতিরিক্ত চা-কফি, ভাজাপোড়া ও ভারী মসলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, গরমে বাইরে কাজ করা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীর ঠান্ডা রাখা, পর্যাপ্ত পানি পান করা এবং সময়মতো বিশ্রাম নেওয়া।