ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান   ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দাখিল করা হলে পরবর্তী সময়ে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই তদন্তের গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন হাতে পাওয়ার পরই পুলিশ আদালতে চার্জশিট জমা দেবে।

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।

মামলার বিচার দ্রুত সম্পন্ন করার প্রত্যয় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, ঈদের ছুটির পরপরই এ নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

এদিকে উচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়েও কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায়ের পর তা অনুমোদনের জন্য হাইকোর্টে এলে ‘পেপার বুক’ বা মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ার এ ধাপ কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, তা নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।