রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী 
রামিসার বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সাধে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।   ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জশিট আগামী রবিবারের (২৪ মে) মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হলেই মামলার চার্জশিট জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রামিসার মা-বাবা ও বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন। একই সঙ্গে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডির ল্যাবে পরীক্ষা চলছে। তিনি বলেন, ডিএনএ পরীক্ষায় সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। বৈজ্ঞানিক প্রক্রিয়া শেষ হলে রবিবার দুপুরের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে। এরপরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

তিনি আরও বলেন, মামলার বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

রামিসার পরিবারের সহায়তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবারটির জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হবে।

শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে আইনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যাতে অল্প সময়ের মধ্যে চার্জশিট দেওয়া ও বিচার শেষ করা যায়, সে জন্য আইনমন্ত্রী প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দিয়েছেন। ক্যাবিনেট বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামিসার পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছে। পাশাপাশি তাদের আরেক মেয়ের নিরাপদ ভবিষ্যৎ, শিক্ষা ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার অনুরোধও জানিয়েছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।