ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।   ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক উবার চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যায়।

হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শওকত আলী জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

মৃতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা  উপজেলার ঘোষগাঁও গ্রামে। বাবার নাম সাইদুল ইসলাম। বর্তমানে শেরে বাংলা নগর নুরহাজী গলিতে থাকেন। হৃদয় উবার চালক ছিলেন। সকালে প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হন।
 
তিনি জানান, মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানতে পারেন। পরে ঢাকা মেডিকেলে এসে ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানায় জানানো হয়েছে।