বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উন্নয়ন বাজেটের বড় অংশ দুর্নীতিতে চলে যাওয়ার অভিযোগ তুলে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানানো হয়েছে।
রবিবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে চলমান অর্থনৈতিক বাস্তবতা, বাজেট বাস্তবায়নে সুশাসনের প্রয়োজনীয়তা এবং জনকল্যাণমুখী বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা জালালুদ্দিন আহমাদ লিখিত প্রস্তাবনায় বলেন, ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ হলেও কার্যকর ও ন্যায়ভিত্তিক পরিকল্পনা ছাড়া শুধু বাজেটের আকার বৃদ্ধি জনগণের জীবনমান উন্নয়নে সুফল বয়ে আনবে না। তিনি উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা এবং বৈদেশিক ঋণের চাপকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
প্রস্তাবনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল, চিনি, ডিম ও শিশুখাদ্যের ওপর শুল্ক ও ভ্যাট হ্রাস, ওএমএস কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ এবং মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি কৃষকের জন্য সরাসরি ভর্তুকি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থা ডিজিটালাইজেশনের সুপারিশ করা হয়।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ উদ্যোক্তাদের কর অবকাশ, সুদমুক্ত ঋণ, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশেষ তহবিল এবং প্রতিটি বিভাগে “ডিজিটাল স্কিলস হাব” প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহজ শর্তে অর্থায়ন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদমুক্ত ফাইন্যান্সিং চালুর আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ২ দশমিক ৫ শতাংশ এবং শিক্ষা খাতে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়ে জেলা হাসপাতাল আধুনিকীকরণ, জাতীয় স্বাস্থ্যবিমা চালু, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার এবং এআইভিত্তিক শিক্ষা সহায়তা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৫০ শতাংশই দুর্নীতিতে চলে যায়। ৫০ শতাংশের কাজ হয় কি না, সেটিও সন্দেহ আছে।” তিনি বলেন, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা গেলে জনগণের কল্যাণে কার্যকর বাজেট বাস্তবায়ন সহজ হবে। তিনি একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক অর্থনৈতিক বণ্টনের বাজেট প্রণয়নের আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, আইন সম্পাদক মাওলানা শরীফ হুসাইনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হাসান জেহাদী/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!