প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম   সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।

বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বসহ সবাই এ পরিস্থিতির ভুক্তভোগী হচ্ছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা যায় কি না, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি এ আহ্বান জানিয়েছিলেন।

বর্তমান পরিস্থিতির জন্য সরকারের বিভিন্ন অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়ে অবস্থান স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

জুলাইয়ের ঐক্য প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডা হিসেবে রাখার সুপারিশ করেছে তাঁদের দল।

তিনি আরও বলেন, গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন তাঁরা। গণভোটে যে রায় এসেছে, সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের কথাও বলেছেন।

আওয়ামী লীগ ও ভারতের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; ৫ আগস্টেই তাদের পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অ্যাসেট ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।