পদত্যাগ করলেন গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি
পদত্যাগ করলেন গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি   ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রইসুল ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত পাঁচ দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের অন্তত ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘটনার মধ্যে তিনিও রয়েছেন।

গত পাঁচ দিনের বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন রইসুল ইসলাম। তবে তার পদত্যাগের বিষয়ে সাংগঠনিকভাবে কোনো পদত্যাগপত্র জমা পড়েনি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা।

তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন ওই নেতা।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর বিএনপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতির পদত্যাগের ঘোষণা সামনে আসে।