সরকারি গাড়ি অরক্ষিত রেখে একসঙ্গে দুপুরের খাবার খেতে যাওয়ায় গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন এবং কনস্টেবল মো. আবুল কাশেম, মো. আক্তার হোসেন ও মো. আকবর হোসেন।
সিএমপির পশ্চিম বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় হালিশহর থানার সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫৯) অনুযায়ী সিএমপির নীল রঙের একটি সিঙ্গেল কেবিন গাড়িতে (গাড়ি নম্বর-১৮০) ‘মোবাইল-৪২’ দলের সদস্য হিসেবে দিবা দায়িত্ব পালন করছিলেন ওই চার পুলিশ সদস্য। গাড়িটির চালক ছিলেন কনস্টেবল মো. আক্তার হোসেন।
দায়িত্ব পালনকালে দুপুর আড়াইটার দিকে নগরের ছোটপোল পুলিশ লাইনসসংলগ্ন পুনাক রেস্তোরাঁর বিপরীত পাশে গাড়িটি রেখে তাঁরা খাবার খেতে যান। খাবার শেষে বাইরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনারের আদেশে বলা হয়, মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সরকারি গাড়ির যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে এবং গাড়িতে কাউকে না রেখে একযোগে খাবার খেতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা, গাফিলতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্যের অভিযোগে পুলিশ প্রবিধানের (পিআরবি) ৮৮০ বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তাঁরা দামপাড়া পুলিশ লাইনসে রিজার্ভ ইনস্পেক্টরের অধীনে সংযুক্ত থাকবেন এবং নিয়মিত রোলকলে হাজিরা দেবেন। এ সময় বিধি অনুযায়ী তাঁরা খোরপোশ ভাতা পাবেন।
এ ছাড়া পুরো ঘটনা প্রাথমিকভাবে অনুসন্ধান করে সুস্পষ্ট মতামতসহ আগামী ৩৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপপুলিশ কমিশনার। একই সঙ্গে বরখাস্ত হওয়া সদস্যদের কাছ থেকে সরকারি মালামাল বুঝে নিয়ে তাঁদের ছাড়পত্র দেওয়ার জন্য হালিশহর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!