ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য আরও সংহত করতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন মাহদী আমিন। বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ২টায়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, জাতীয় ঐক্যের জন্য একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার প্রয়োজন। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, জাতীয় ঐক্যের প্রাথমিক পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের দাবি জানাবে এনসিপি।
এ ছাড়া গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতেও সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চায় দলটি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার কীভাবে দেশকে এগিয়ে নিতে চায়, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চান তাঁরা। একই সঙ্গে নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পরামর্শও দেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে মাহদী আমিন ছাড়াও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!