হাসিনার পাসপোর্ট পাওয়া অনিশ্চিত, সীমান্তে সীমান্তে ঘুরছেন লীগের নেতারা
হাসিনার পাসপোর্ট পাওয়া অনিশ্চিত, সীমান্তে সীমান্তে ঘুরছেন লীগের নেতারা   ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পথ খুঁজতে ভারতে তৎপরতা চালাচ্ছেন সেখানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। এ অবস্থায় দেশে ফেরার সম্ভাব্য পথ চূড়ান্ত করতে একের পর এক সীমান্ত এলাকা পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

এরই অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন আওয়ামী লীগের চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠকও করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করা চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা শুরু করেন তারা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে তাঁরা প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন তারা। সীমান্ত এলাকায় যাতায়াতের সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতারা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য শুধু একটি পথের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে। আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ ও সীমান্ত এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া নিয়েও জটিলতা দেখা দিয়েছে। নিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে এ বিষয়ে ১০ দিন পার হলেও ঢাকা থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য বিকল্প পথ খোলা রাখতে চায় আওয়ামী লীগ। সে কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও বিবেচনায় রাখা হচ্ছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তার প্রত্যাবর্তনের সম্ভাব্য দিনক্ষণও নির্ধারণ করা হয়নি। ফলে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অনিশ্চয়তার পাশাপাশি কোন সীমান্তপথে তিনি দেশে ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।