ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় শেষবারের মতো বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রোববার ঢাকায় দুই দেশের প্রতিনিধিরা এ বৈঠকে বসেন।
যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর মেয়াদি চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ নিয়মিত সভা হওয়ার কথা।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর যৌথ কমিটির প্রথম বৈঠক (৮৯তম) ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বৈঠক (৯০তম) ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সভায় চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যৌথ কমিটি কাজ করে আসছে। এ কমিটির অধীনে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম তদারকি এবং এ-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন তৈরি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর যৌথ কমিটির তিনটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে একটি বৈঠক কলকাতায় এবং হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শনের পর আরেকটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।
৪০ বছরের গড় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানির হিস্যা নির্ধারণ করা হয়। পাশাপাশি সংকটকালীন সময়ে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে নতুন চুক্তির বিষয়ে তাগাদা দেওয়া হলেও আলোচনা শুরুর ব্যাপারে ভারতের কাছ থেকে এখনো সাড়া মেলেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানান, নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ।
তিনি বলেন, গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। পরে আগস্টে এ বিষয়ে তাগিদপত্রও পাঠানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!