বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর পর ইতালিতে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ ঘটনা ঘটল। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, আকাশপথে বিমান চলাচল এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে এ ধরনের নাশকতামূলক তৎপরতা চালানো হয়েছে।
শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, স্কুলগুলোতে পাঠানো হুমকিগুলোকে আপাতত ভুয়া বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
রোমের একটি স্কুল অভিভাবকদের মেসেজিং অ্যাপের মাধ্যমে জানায়, ‘দেশজুড়ে বোমা হামলার হুমকির পর আমরা জানাচ্ছি, সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।’
ভালদিতারা বলেন, বিপুলসংখ্যক স্কুলকে লক্ষ্য করে হুমকি দেওয়ার বিষয়টিই এর বিশ্বাসযোগ্যতা কতটা কম, তা প্রমাণ করে।
বার্তা সংস্থা রয়টার্সের দেখা ইমেইলের একটি অনুলিপি অনুযায়ী, বার্তাটির শেষে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয় ব্যবহার করা হয়েছে।
গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়েও ইমেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল। ওই ঘটনার দায়ও একই পরিচয় ব্যবহার করে স্বীকার করা হয়েছিল।
রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালির পুলিশ বাহিনী ঘটনাটি তদন্ত করছে।
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে ধারাবাহিক নাশকতামূলক তৎপরতার পেছনে মস্কোর হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা।
তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের পেছনে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহও করা হচ্ছে। গত সপ্তাহে সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর অচল হয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বুধবারের হুমকিগুলোকে ‘ভীতি ছড়ানো ও আতঙ্ক তৈরির সুস্পষ্ট কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা আদনক্রোনোস এ তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনার পেছনে সবসময় বিদেশি রাষ্ট্র বা শত্রুভাবাপন্ন কোনো গোষ্ঠী জড়িত থাকে না। মনোযোগ আকর্ষণে আগ্রহী মানুষ এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও রয়েছে, যারা এমন পরিস্থিতিতে কোনো শহর বা অঞ্চলে আতঙ্ক ছড়ানোর সুযোগ খোঁজে।’
ইতালির স্কুলপ্রধানদের সংগঠনের প্রধান আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, এসব হুমকির ঘটনায় শিক্ষার্থী, পরিবার ও স্কুলের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আজকের হুমকিগুলো স্পষ্টতই ভুয়া হলেও পুরো শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করে—এমন ঘটনার পরিণতি কোনোভাবেই অবমূল্যায়ন করা যায় না।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!