প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নিয়ে জাতীয় সংসদে কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে জামায়াত আমির বলেন, ২৪ ঘণ্টা তাদের পেছনে ‘খেদমত’ দেওয়ার পরও তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছেন না বলে তারা দুঃখিত।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খানের বক্তব্য উদ্ধৃত করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের অভিযোগের প্রসঙ্গ তোলেন। এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এরকম কথা রয়েছে যে, ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুরসুরির পেছনে এই দলের কোনো সম্পর্ক আছে কি না? এই দলটাকে একটু উনি ক্লিয়ার করুন।’
জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব পদমর্যাদার একজন ব্যক্তির বক্তব্যের সূত্র ধরে এমন ইঙ্গিত দিয়ে থাকেন, তাহলে তিনি স্পষ্টভাবে বলতে চান, তারা আগেই এ অভিযোগ চ্যালেঞ্জ করেছেন। অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপনের আহ্বানও জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব।’
আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অভিযোগের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নিইনি। পুরো ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।’
রাশেদ খানকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন। এটা উনি চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘সেই রকম একটা ফালতু লোককে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রত্যাখ্যান করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’
পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে যারা এমন অভিযোগ করছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের নথি ও প্রমাণ রয়েছে। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে তাদের সামনে দুঃখ প্রকাশ এবং অতীতের পররাষ্ট্রনীতিকে ভুল আখ্যা দিয়ে ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেওয়ার নজিরও রয়েছে বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!