এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে চীনে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ পাচারে সহায়তা করেছেন প্রতিষ্ঠানটির অংশীদার মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াং।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) হয়ে কাজ করা সন্দেহভাজন এই নারী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জটিল নেটওয়ার্ক গড়ে তুলে চিপ সংগ্রহের কার্যক্রম চালিয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সম্পদ হিসেবে চিহ্নিত করেছে বলে জানা গেছে। তার বোন ও স্বামীকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুরে একাধিক কোম্পানির সমন্বয়ে একটি ‘জটিল করপোরেট নেটওয়ার্ক’ গড়ে তোলেন তিনি। এর মাধ্যমে এনভিডিয়ার চিপ সংগ্রহ ও চীনে পাচার করা হয়েছে।
দ্য ইনফরমেশনের তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্কের কেন্দ্রে রয়েছে চীনভিত্তিক প্রতিষ্ঠান সাংহাই সেঞ্চুরি লিটং। ২০২৩ সালের জুনে প্রতিষ্ঠিত কোম্পানিটি ওই বছরের অক্টোবরেই এনভিডিয়ার পছন্দের ক্লাউড পার্টনারের তালিকায় জায়গা পায়। এ মর্যাদার কারণে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ সংগ্রহে অগ্রাধিকারমূলক সুবিধা পেত।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং যিনি হুয়াং লে নামেও পরিচিত দুই বছরের বেশি সময়ে প্রায় ২ লাখ ৪০ হাজার নিষিদ্ধ চিপ চীনে পাঠাতে সহায়তা করেছেন। এর মধ্যে বেশির ভাগই ছিল এইচ১০০ ও এইচ২০০ মডেলের চিপ। পাশাপাশি প্রায় ৭৫০ কোটি ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট জিপিইউ আমদানির ব্যবস্থায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বার্তা সংস্থা রয়টার্সও বাণিজ্যবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইমপোর্টজিনিয়াসের নথি পর্যালোচনা করে জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেছে। এসব চালানের মধ্যে ছিল এইচ১০০ প্রসেসর ও সংশ্লিষ্ট উপাদান। সরবরাহকারীদের মধ্যে গিগাবাইটের সহযোগী প্রতিষ্ঠান গিগা কম্পিউটিংও ছিল। এইচ১০০ এনভিডিয়ার উন্নত প্রসেসরগুলোর একটি, যা চীনে রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে অ্যালিস হুয়াং এমন সব চিপ সংগ্রহের সুযোগ পেয়েছিলেন, যা অন্যদের জন্য পাওয়া কঠিন ছিল।
মেগাস্পিডের এই নির্বাহীকে চেনেন এমন কয়েকজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়া প্রধানের সঙ্গে নিজের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরতেন অ্যালিস। বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় নিয়মিত জেনসেন হুয়াংয়ের সঙ্গে তোলা ছবি নিজের উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশ করতেন তিনি। এমনকি জেনসেন হুয়াং প্রায়ই তার জন্মদিনে নৈশভোজের আয়োজন করতেন এবং উপহার দিতেন বলেও দাবি করতেন অ্যালিস।
এনভিডিয়ার চীন শাখার একজন বিক্রয়কর্মী দ্য ইনফরমেশনকে বলেন, স্থানীয় চীনা অংশীদারদের জন্য আয়োজিত প্রতিষ্ঠানটির বার্ষিক অনুষ্ঠানে অ্যালিস পরিচিত মুখ ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ সরবরাহে বিলম্ব বা জটিলতা তৈরি হলে তিনি হস্তক্ষেপ করে সরবরাহব্যবস্থা আবার সচল করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরেকটি সূত্রের দাবি, এনভিডিয়া ও এর সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা প্রায়ই তুলে ধরতেন অ্যালিস। এ সম্পর্কের কারণেই তিনি সব সময় এনভিডিয়ার এআই চিপ সংগ্রহ করতে পারতেন বলে জানাতেন।
প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মেগাস্পিডের মাধ্যমে প্রায় ৪৬০ কোটি ডলারের এআই চিপ আমদানি হয়েছে। আরও ২০০ কোটি ডলারের চিপ পাঠানো হয়েছে স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে। সাংহাই সেঞ্চুরি লিটং প্রায় ৭৫০ কোটি ডলারের জিপিইউ কিনেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চীনা আর্থিক সংবাদমাধ্যম কাইশিনের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বয়স প্রায় ৪২ বছর। চীনের আর্থিক খাতে কর্মজীবন শুরু করে পরে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ ব্যবসায় যুক্ত হন তিনি।
৩৫টির বেশি প্রকাশ্য আর্থিক নথি, কোম্পানির নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র ও প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য পর্যালোচনা করে রয়টার্স জানিয়েছে, সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে কাজ করার পর সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন অ্যালিস।
এনভিডিয়ার নিজস্ব তালিকায় মেগাস্পিডকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আনুষ্ঠানিক ক্লাউড পার্টনার হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মেগাস্পিড সহায়তা করছে কি না, তা তদন্ত করছে ওয়াশিংটন।
চীনের তহবিলশিল্প-সংশ্লিষ্ট নথি এবং বেসরকারি তহবিলবিষয়ক তথ্যভান্ডার সিমুওয়াংয়ের একটি তালিকাভুক্ত প্রোফাইল অনুযায়ী, ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থাপনায় কাজ করেছেন অ্যালিস। টেলিভিশন সাংবাদিকতায়ও তার পূর্ব অভিজ্ঞতার উল্লেখ রয়েছে।
মেগাস্পিডে যুক্ত হওয়ার আগে সাংহাইয়ের বিনিয়োগ প্রতিষ্ঠান সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে ২০১৬ ও ২০১৭ সালের কয়েকটি পোস্টে তাকে উপমহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক এবং বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। এসব পোস্টে আরও বলা হয়, এর আগে হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং সিআইটিআইসি সিকিউরিটিজে কাজ করেছেন তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
রয়টার্সের পর্যালোচনা করা হেক্সির একটি ব্যবসায়িক কার্ডে অ্যালিসকে অংশীদার ও মহাব্যবস্থাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। কার্ডে সাংহাইয়ের লুজিয়াজুই আর্থিক এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা দেওয়া ছিল। তবে ওই ঠিকানায় গিয়ে রয়টার্স দেখতে পায়, কার্যালয়টি বড় ধরনের সংস্কারকাজের মধ্যে রয়েছে। সেখানে হেক্সির কোনো সাইনবোর্ড বা কর্মী পাওয়া যায়নি। কার্ডে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেও সাড়া মেলেনি। ই-মেইল ঠিকানাটিও বার্তা গ্রহণ করছিল না।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিফোরএডিএসের পর্যালোচনা করা করপোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন অ্যালিস। ২০১৫ সালে সিঙ্গাপুরে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে নিবন্ধিত প্রতিষ্ঠানটি ক্লাউড কম্পিউটিং সেবা দেয়। নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক অংশীদার বলে পরিচয় দিয়েছে।
সিফোরএডিএস জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন অ্যালিস। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও মেগাস্পিড কোনো জবাব দেয়নি।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!