‘এটা ওর ভাগ্যের বিষয়’, ছেলেকে রাজনীতিতে আনার প্রশ্নে মির্জা আব্বাস
‘এটা ওর ভাগ্যের বিষয়’, ছেলেকে রাজনীতিতে আনার প্রশ্নে মির্জা আব্বাস   ছবি : সংগৃহীত

ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় ছেলের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

ছেলেকে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না আমি একদিন রাজনীতিতে আসবো কিনা। তবে আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার, রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, আমি রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার সঙ্গে যারা রেসে ছিল অনেকে ঝরে পড়েছে। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা আছে, অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পর্যন্ত টিকতে পারে না।


এদিকে রাজনীতিতে বাবার পাশে থাকার বিষয়ে মির্জা আরাফাত আব্বাস আজান বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে আমাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করছি আমি।

আজান বলেন, সব ক্ষেত্রেই আমার বাবা আদর্শ। বাবার পাশে ছায়ার মতো থাকতে চান তিনি।

বাবার রাজনৈতিক দায়িত্ব ভবিষ্যতে নিজের কাঁধে তুলে নেবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আজান। এ বিষয়ে তিনি বলেন, বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।