মৌলভীবাজারের জুড়ীতে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। তবে ওই নারী কনস্টেবলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই তরুণ।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্যের বয়স ৩০ বছর। তিনি জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
ওই নারী কনস্টেবলের স্বামী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে থানার দায়িত্ব শেষ করে হেঁটে বাসায় ফিরছিলেন তার স্ত্রী। এ সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন না। ইউনিয়ন পরিষদের কাছে নির্জন জায়গায় পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার স্ত্রীর মুখ চেপে ধরেন। পরে তাকে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় টেনে নেওয়ার চেষ্টা করেন। সেখানে আগে থেকেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরেক তরুণ। এ সময় তার স্ত্রী চিৎকার করলে দুজন মোটরসাইকেলে করে রেলস্টেশনের দিকে চলে যান।
তিনি জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কোনো জিনিসপত্র নেয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাস্থলের কাছেই বাড়ি স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের। তিনি বলেন, চিৎকার শুনে স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। আশপাশের লোকজনও সেখানে ছুটে আসেন। প্রতিবেশী হওয়ায় তারা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার হওয়ায় সেখানে সরাসরি কী ঘটেছিল, তা স্পষ্ট নয়। তবে আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা যায়। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর লোকজনকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে মনে করছে পুলিশ। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!