মাংস ও শাকসবজি নিয়ে কানাডার বিমানবন্দরে আটক ৩ বাংলাদেশি।
মাংস ও শাকসবজি নিয়ে কানাডার বিমানবন্দরে আটক ৩ বাংলাদেশি।   সূত্র: আরটিএনএন

কানাডার বিমানবন্দরে বাংলাদেশি তিন যাত্রীর লাগেজে ৪৫ কেজির বেশি মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি জব্দ করেছে দেশটির সীমান্ত সেবা সংস্থা (সিবিএসএ)।

বৃহস্পতিবার দেশটির টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

সিবিএসএ জানিয়েছে, এসব খাদ্য ও উদ্ভিজ্জ পণ্য শনাক্ত করে ধারলা, ওলগা ও থিও নামের ল্যাব্রাডর প্রজাতির তিনটি অনুসন্ধানী কুকুর। পরে পণ্যগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীদের ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়। খবর টরন্টো সান-এর।

এর দুই মাস আগে মিশর থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর লাগেজ থেকেও ২২ কেজি কাঁচা মাংস উদ্ধার করেছিল অনুসন্ধানী কুকুর ধারলা। ওই লাগেজে কাঁচা হাঁস, কবুতর, মুরগি ও খরগোশের মাংস ছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

সিবিএসএ বলছে, কাঁচা মাংসে প্রায়ই সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়ে ডায়রিয়া, জ্বর ও পেটব্যথার কারণ হতে পারে।
 
কানাডার আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় সব যাত্রীকেই খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজাত সব ধরনের পণ্য ঘোষণা করতে হয়। এর মধ্যে জীবিত প্রাণী, রান্না করা বা কাঁচা মাংস, দুধ, মাখন, পনির, ডিম, মাছ ও সামুদ্রিক খাদ্যের পাশাপাশি ফল, সবজি, বীজ, কাঠ, গাছপালা, ফুল ও মাটিও অন্তর্ভুক্ত।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ এসব পণ্য জব্দ ও ধ্বংস করা হতে পারে। এছাড়া এসব পণ্যের অপসারণ, কোয়ারেন্টিন বা ধ্বংসের ব্যয়ও যাত্রীদের বহন করতে হতে পারে। আইন ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলার জরিমানা এবং আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন যাত্রীরা।

এসএস