রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি।   সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে সময় চাইবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

এর আগে সিইসির দপ্তরে সব নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

আইন অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় সংসদ সদস্যদের নামের তালিকা ইসিতে পাঠালে ভোটার তালিকা করবে ইসি। পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।