বিএনপির দলীয় মিছিলে পুলিশ সদস্য, প্রশাসনকে দলীয়করণের অভিযোগ জুবায়েরের
বিএনপির দলীয় মিছিলে পুলিশ সদস্য, প্রশাসনকে দলীয়করণের অভিযোগ জুবায়েরের   ছবি : সংগৃহীত

বিএনপির দলীয় কর্মসূচিতে একজন পুলিশ কর্মকর্তার ব্যানার হাতে দাঁড়িয়ে থাকার ঘটনায় প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তার অভিযোগ, পুলিশকে রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করার চেষ্টা ফ্যাসিবাদের সূচনা করে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে পুলিশকে বিরোধী দল দমনে ব্যবহার করা হতো, বিএনপিও একই পথে হাঁটছে।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন জুবায়ের।

অডিও বার্তায় তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা একটা রাজনৈতিক দলের ব্যানারে আয়োজিত প্রোগ্রামে ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে, যেন উনি কোনো সরকারি কর্মকর্তা নন, তিনি একজন রাজনৈতিক কর্মী। তো এটা আসলে বিএনপি সরকারের যে প্রশাসনকে দলীয়করণের একটা চেষ্টা, প্রশাসনকে নিজের পকেটে ঢুকিয়ে নিজের মনমতো ব্যবহার করার একটা প্রচেষ্টা, যেটার মাধ্যমে মূলত ফ্যাসিবাদের সূচনা হয়। হাসিনা যে একই কায়দায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, বিএনপি আসলে সেই পথেই হাঁটছে।’

তিনি বলেন, ‘এটা আসলে দুঃখজনক যে ২৪-এর অভ্যুত্থানের পরেও এই ধরনের কালচারগুলো পরিবর্তন হয় না। আমাদের চাওয়া ছিল পুলিশ হবে জনতার। পুলিশ তার আইন অনুসারে দেশের জনগণের জন্য কাজ করবে। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না। হাসিনার সময় যেমন দেখতাম, পুলিশকে বিরোধী দল দমন-পীড়নের জন্য ব্যবহার করা হতো, এখনো দেখতে পাচ্ছি, সেই সরকারি দলের জন্যই পুলিশকে কাজ করানো হচ্ছে।’

জুবায়ের আরও বলেন, ‘এটা আসলে দুঃখজনক। আমি বিএনপিকে বলব, সময় থাকতে এগুলো থেকে ফিরে আসার জন্য। কারণ, এই ধরনের কালচারগুলোই ফ্যাসিবাদের সূচনা করে। পুলিশ হবে জনতার। পুলিশ কোনো সরকারি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে পারে না।’

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা সহায়তা এবং রাজনৈতিক মিছিল বা কর্মসূচিতে অংশ নেওয়াও নিষিদ্ধ।

পুলিশ প্রবিধান (পিআরবি) অনুযায়ী, পুলিশ সদস্যদের কোনো রাজনৈতিক বিতর্ক, কর্মসূচি বা দলীয় কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ। তাঁদের দায়িত্ব নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা।

এ ছাড়া পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী, কোনো পুলিশ কর্মকর্তা রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখালে বা সরকারি দায়িত্বের ব্যত্যয় ঘটিয়ে দলীয় কাজে অংশ নিলে তা গুরুতর আচরণগত অসদাচরণ হিসেবে গণ্য হয়।

বিএনপি ৭ নভেম্বর ‘সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ পালন করলেও এটি সরকারিভাবে উদযাপিত রাষ্ট্রীয় জাতীয় দিবস নয়। সরকারি ক্যালেন্ডারে দিনটি জাতীয় ছুটি বা রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃত নয়। তবে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় জাতীয় দিবস হলেও কোনো সরকারি কর্মচারীর নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার বহন বা দলীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলে অংশ নেওয়ার সুযোগ নেই।