ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।   ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের অপসারণ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ এবং তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন ডাকসু ভিপি।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম চুয়েটের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, শিক্ষার্থী ও শিক্ষকদের অনিচ্ছা সত্ত্বেও উপাচার্য পদে বহাল থাকার চেষ্টা করছেন তিনি।

পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উপাচার্যের ভূমিকা ও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, গত আট মাসে বিএনপি সরকার ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর অভিযোগ, এসব নিয়োগে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সাদিক কায়েম তাঁর পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের বিষয়টিও তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমানে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে উপাচার্যের পদকে কেন্দ্র করে আর্থিক সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে উপাচার্যের অপসারণ দাবি করেন ডাকসু ভিপি।