ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন
ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন   ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ও লাল কার্ড প্রদর্শন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীর ব্যাচ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা শিক্ষকের কথিত অন্যায়, বর্ণবাদী, বৈষম্যমূলক আচরণ ও দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে বৈষম্য, অপমান ও হয়রানির সমর্থকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

প্রতিবাদের মূল প্রতিপাদ্য ছিল ‘বর্ণবাদী, শ্রেণিবৈষম্যমূলক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের বিরুদ্ধে লাল কার্ড’ এবং ‘বৈষম্য, অপমান ও হয়রানির সমর্থকদের বিরুদ্ধে লাল কার্ড’। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নিকাব পরিহিত এক ছাত্রীকে কটাক্ষ এবং তাঁকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।