নিজ উদ্যোগে নয়, পুলিশের নির্দেশে রবীন্দ্রনাথের মুখের কালি পরিষ্কার করেন দিনমজুর
নিজ উদ্যোগে নয়, পুলিশের নির্দেশে রবীন্দ্রনাথের মুখের কালি পরিষ্কার করেন দিনমজুর   ছবি : সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানা দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে নতুন করে সামনে এসেছে এক দিনমজুরের প্রতিকৃতি পরিষ্কারের ভিডিও।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পানি দিয়ে দেয়ালে আঁকা প্রতিকৃতিটি পরিষ্কার করছেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও লোকজনের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ বা অন্য কারও নির্দেশে নয়, নিজ উদ্যোগেই তিনি এটি পরিষ্কার করছেন। তবে ভিডিওর শেষ দিকে পুলিশ সদস্যদের এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বলতে দেখা যায়।

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস ও তার সহযোগী সাকিবুল হাসানকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস ও তাঁর সহযোগী সাকিবুল হাসানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে মামলার অন্য দুই আসামি সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি জানান পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী মনির হোসেন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

এর আগে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টা করেন আ ন ম আয়াসসহ একদল তরুণ। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায়। এ সময় এক পুলিশ সদস্য তাঁকে বাধা দেন। ওই নারী দাবি করেন, তাঁরা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। পুলিশের বাধার মুখে আয়াসের নেতৃত্বে সেখানে স্লোগানও দেন তাঁরা।

এ ঘটনায় শনিবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজে এসব প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেখানে সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাঁদের প্রতিকৃতি আঁকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরদিন শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি দেয়াল থেকে প্রতিকৃতিগুলো মুছে ফেলতে যান। এ ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়।