গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, টুঙ্গিপাড়ায় থানা ও রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে হামলা, বাসে অগ্নিসংযোগ- সব মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক ভয়ংকর চিত্র সামনে আসছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক রাজনৈতিক কর্মসূচি, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে বৃহত্তর কোনো ভূরাজনৈতিক খেলা চলছে?
বাংলাদেশ কি আবারও আগুনের রাজনীতির দিকে ফিরে যাচ্ছে? রাজনীতির নামে দেশি অস্ত্রের মহড়া, পুলিশের ওপর হামলা, থানা জ্বালিয়ে দেওয়া, বাসে আগুন, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ, এমনকি সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনা- এসব কি কেবল বিচ্ছিন্ন নাশকতা? নাকি একটি পরাজিত রাজনৈতিক শক্তি নতুন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার কৌশল গ্রহণ করেছে?
প্রশ্নগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
যে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে দাবি করতে কখনো কার্পণ্য করেনি, যে দল মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র দাবিদার হওয়ার চেষ্টা করেছে, সেই দলের নেতাকর্মীরা আজ দেশি অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা ছড়াচ্ছেন। সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যা ঘটেছে, তা দেশের রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জ।
পুলিশের থানা আক্রান্ত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটেছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও চলতে দেওয়া হচ্ছে না। যুদ্ধের সময়ও হাসপাতালে হামলা চালানো হয় না। অথচ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে হাসপাতালেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এটি কি কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক প্রতিবাদ? একটি নিষিদ্ধ দলের কর্মসূচি যেখানে নিষিদ্ধ, সেখানে রাষ্ট্রের থানা দখল, পুলিশের ওপর হামলা কিংবা মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অনুমতি কে দেয়?
একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রতিপক্ষ মনে করতে শুরু করে, তখন বুঝতে হবে সমস্যা কেবল রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। সেখানে রাষ্ট্রের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করা হচ্ছে।
শ্রমিক অসন্তোষ, নাকি অস্থিরতার নতুন ফ্রন্ট?
বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি তৈরি পোশাকশিল্প। লাখ লাখ শ্রমিকের জীবিকা, বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্প বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এই খাতের সঙ্গে যুক্ত। অথচ সাম্প্রতিক সময়ে গাজীপুর, টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের যে বিস্তার দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগের কারণ।
১৮ নভেম্বর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ হয়। বিভিন্ন পয়েন্টে হাজার হাজার শ্রমিক অবস্থান নেন। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা-আরিচা মহাসড়কেও অবরোধ সৃষ্টি হয়।
শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ থাকলে তার সমাধান করতে হবে। শ্রমিকের অধিকার অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই ন্যায্য দাবির আড়ালে কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি নাশকতা, অগ্নিসংযোগ ও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা অবশ্যই তদন্তের দাবি রাখে।
এখানে দুটি বিষয় আলাদা করে দেখতে হবে। শ্রমিকের মজুরির দাবি এক বিষয়, আর সেই দাবিকে ব্যবহার করে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, মহাসড়ক অচল করা কিংবা কারখানা ধ্বংসের চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে। এই খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। বিদেশি ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজবেন। বিনিয়োগকারীরা নতুন কারখানা স্থাপনে আগ্রহ হারাবেন। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই।
তাহলে প্রশ্ন হচ্ছে, কার স্বার্থে বাংলাদেশের শিল্পাঞ্চল অস্থিতিশীল হবে? শ্রমিকের স্বার্থে, নাকি এমন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থে, যারা অর্থনীতিকে চাপে ফেলে সরকারকে অকার্যকর প্রমাণ করতে চায়? শ্রমিক অসন্তোষের প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রমাণিত নয়। তবে সহিংসতায় রাজনৈতিক ইন্ধন, অনুপ্রবেশ কিংবা পরিকল্পিত নাশকতার অভিযোগ থাকলে গোয়েন্দা সংস্থাগুলোর তা অনুসন্ধান করা জরুরি। কারণ শ্রমিকের অধিকারকে রাজনৈতিক নাশকতার ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া যায় না।
ভারত কি বাংলাদেশের অস্থিরতার বাইরে?
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট বিশ্লেষণ করতে গেলে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তার ভারতে অবস্থান, আওয়ামী লীগের পলাতক নেতাদের সেখানে আশ্রয় নেওয়া, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অবৈধ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অগ্নিসন্ত্রাস চালানো এবং বাংলাদেশে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা—সব মিলিয়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে।
এখানে একটি মৌলিক প্রশ্ন রয়েছে। যে রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, দমন-পীড়ন ও হত্যার অভিযোগ উঠেছে, সেই নেতৃত্বকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়া হলে বাংলাদেশের জনগণ সেটিকে কীভাবে দেখবে?
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উসকানি দেওয়া হয়, তাহলে নয়াদিল্লির অবস্থান কী? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে অভিযোগ করেছেন, প্রতিবেশী একটি দেশ পলাতক আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভিডিওবার্তার মাধ্যমে বাংলাদেশে সহিংসতায় উসকানি দিচ্ছেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছেন।
এগুলো গুরুতর রাজনৈতিক অভিযোগ। এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং ভারতের কাছে কূটনৈতিক ব্যাখ্যা চাওয়া প্রয়োজন। তবে অভিযোগকে প্রমাণে পরিণত করতে হলে ভিডিওবার্তা, অর্থের লেনদেন, নির্দেশনা, যোগাযোগের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার নির্ভরযোগ্য প্রমাণ জনসমক্ষে আনতে হবে।
কিন্তু ভারতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে কেন্দ্র করে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক, শেখ হাসিনার সরকারের সময় দুই দেশের অসম সম্পর্কের অভিযোগ এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ভারতে অবস্থান- এসব বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
বাংলাদেশের মানুষের কাছে একটি রাজনৈতিক বার্তা ক্রমেই স্পষ্ট হচ্ছে: ভারতীয় রাষ্ট্রক্ষমতার সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রীকে আলাদা করে দেখা কঠিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের আঞ্চলিক স্বার্থ অনেক ক্ষেত্রেই সুবিধা পেয়েছে- এমন অভিযোগ বাংলাদেশে দীর্ঘদিনের। সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, বাণিজ্যবৈষম্য এবং ট্রানজিট সুবিধা নিয়ে প্রশ্নগুলো সেই বিতর্কের অংশ।
এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে একটি কঠিন প্রশ্ন তৈরি হয়েছে- ভারত কি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়, নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখতে বেশি আগ্রহী? ভারতের সাধারণ জনগণ আর ভারতীয় রাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক নীতিকে এক করে দেখার প্রয়োজন নেই। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়ারও সুযোগ নেই।
ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের রাজনৈতিক যোগসূত্র
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু সেই সম্পর্কের বিনিময়ে বাংলাদেশ কী পেয়েছে, তা নিয়ে প্রশ্নের শেষ নেই।
সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু, তিস্তা চুক্তির অনিশ্চয়তা, বাণিজ্যঘাটতি, পানির ন্যায্য হিস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্য- এসব বিষয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংকট এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয়েছে।
এখানে একটি রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করা কঠিন- আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের কূটনৈতিক সমর্থন ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেবল দুই দেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল কি না, সেটিও আলোচনার বিষয়।
সেই জায়গা থেকেই একটি রাজনৈতিক সমীকরণ সামনে আসে- ভারতের আধিপত্যবাদী নীতি এবং আওয়ামী লীগের কর্তৃত্ববাদী রাজনীতি বহু ক্ষেত্রে পরস্পরের স্বার্থের পরিপূরক হয়ে উঠেছিল। তবে ভারত মানেই ভারতের জনগণ নয়। এখানে প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় নীতি ও ক্ষমতাকেন্দ্রের রাজনৈতিক অবস্থান নিয়ে। বাংলাদেশের মানুষ আর কোনো বিদেশি শক্তির পছন্দের রাজনৈতিক দলের অধীনে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায় না। বাংলাদেশের সরকার কে পরিচালনা করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ, দিল্লি নয়।
বাসে আগুন, বাড়িতে আগুন, মানুষ হত্যা—এ কেমন রাজনৈতিক প্রত্যাবর্তন?
১৮ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ভয়াবহ রূপ নেয়। পিরোজপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় একজন বাসশ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। নড়াইলে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে হামলায় দুই নেতার মৃত্যুর খবর আসে। ফরিদপুরেও অবরোধকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়েছে। অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পূর্বপুরুষের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এসব ঘটনা একই দিনে বা কাছাকাছি সময়ে সংঘটিত হওয়ায় পরিস্থিতির ভয়াবহতা আরও বেড়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা কিংবা বাসে ঘুমিয়ে থাকা শ্রমিককে পুড়িয়ে মারার মতো ঘটনা কোনোভাবেই রাজনৈতিক প্রতিবাদের অংশ হতে পারে না।
আওয়ামী লীগ যদি মনে করে, এ ধরনের সহিংসতার মাধ্যমে তারা আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, তাহলে তারা ভুল করছে। বরং প্রতিটি অগ্নিসংযোগ, প্রতিটি হত্যাকাণ্ড এবং প্রতিটি হামলা দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করবে।
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার ইতিহাস দিয়ে বর্তমানের অপরাধের দায় মুছে ফেলা যায় না। একাত্তরের ইতিহাস কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের জনগণের। যে দল নিজেদের মুক্তিযোদ্ধাদের দল বলে দাবি করে, তাদের কাছে প্রশ্ন- আজকের বাংলাদেশে সাধারণ মানুষের ঘরবাড়ি, পুলিশের থানা, গণপরিবহন ও শিল্পকারখানা পুড়িয়ে দেওয়ার রাজনীতির সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্ক কোথায়?
বাংলাদেশের বিরুদ্ধে বহুমাত্রিক ভূরাজনৈতিক চাপ?
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে দেশটির অবস্থান। ফলে বাংলাদেশকে ঘিরে ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থ রয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; আঞ্চলিক ভূরাজনীতির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে দুর্বল হয়, অর্থনীতি অস্থিতিশীল হয়, শিল্পাঞ্চল অচল হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যায়, তাহলে তার প্রভাব সীমান্ত ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতিতে কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগাতে চায়, তাহলে সেটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই থাকা প্রয়োজন। তবে সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার, কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা কিংবা পলাতক নেতাদের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারের উচিত এসব অভিযোগের বিষয়ে কূটনৈতিক ও গোয়েন্দা পর্যায়ে সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা। প্রমাণ পাওয়া গেলে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি তুলে ধরতে হবে। আবেগ দিয়ে নয়, তথ্য ও প্রমাণ দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে।
বাংলাদেশ কারও করদ রাজ্য নয়
বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও মানুষ কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। দুটি ঐতিহাসিক বাস্তবতার মধ্যে একটি অভিন্ন বার্তা রয়েছে- বাংলাদেশের মানুষ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়। সুতরাং দিল্লির রাজনৈতিক ইচ্ছা, কোনো দলের ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা কিংবা বিদেশি শক্তির ভূরাজনৈতিক হিসাব বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগের সামনে এখনো সুযোগ রয়েছে সহিংসতার পথ পরিহার করার। কিন্তু অস্ত্র, আগুন, হত্যা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা চলতে থাকলে তার পরিণতি শুধু দলটির জন্য নয়, পুরো দেশের জন্য বিপজ্জনক হবে।
একই সঙ্গে বর্তমান সরকারেরও দায়িত্ব রয়েছে কঠোরভাবে আইন প্রয়োগ করা। শ্রমিকের ন্যায্য দাবিকে সম্মান করতে হবে, রাজনৈতিক প্রতিপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী শাসন চায় না। চায় না কোনো বিদেশি শক্তির রাজনৈতিক ছায়াতলে পরিচালিত রাষ্ট্র। চায় না ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের ঘর পুড়ুক, শ্রমিকের জীবন বিপন্ন হোক কিংবা নিরীহ মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক।
মুক্তিযোদ্ধাদের দল হওয়ার দাবি করে আগুনের রাজনীতি চালানো যায় না। স্বাধীনতার ইতিহাসকে ঢাল বানিয়ে মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই।
ইসরাফিল ফরাজী, নির্বাহী সম্পাদক, আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!