বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান গুরুত্বপূর্ণ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৪০ লাখ শ্রমিক। তবে অর্থনীতির অন্যতম প্রধান এই খাত বারবার শ্রমিক-মালিক অসন্তোষ ও সংঘাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
বেতন বৃদ্ধি, বকেয়া পরিশোধ ও কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন সময় গাজীপুর, আশুলিয়া, সাভার ও মিরপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনে নামতে দেখা গেছে। এসব ঘটনায় বন্ধ থেকেছে শত শত কারখানা।
শুধু তৈরি পোশাকশিল্প নয়, দেশের অন্যান্য শিল্প ও উৎপাদন খাতেও শ্রমিক-মালিক অসন্তোষ রয়েছে। এ ধরনের অস্থিরতা একদিকে উৎপাদন ব্যাহত করছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
শিল্পপ্রতিষ্ঠানে মালিক ও শ্রমিকের সুসম্পর্কের অন্যতম ভিত্তি হলো ন্যায্য অধিকার ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান। ইসলামে এ বিষয়ে উভয় পক্ষের দায়িত্বের কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’ অন্যদিকে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো।’ (সুরা আল-মায়িদাহ, আয়াত ১)। অর্থাৎ মালিকের যেমন শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের দায়িত্ব রয়েছে, তেমনি শ্রমিকেরও চুক্তি ও দায়িত্ব যথাযথভাবে পালনের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু বাংলাদেশের শ্রমিক-মালিক সম্পর্কের বাস্তবতা সব সময় এ নীতির প্রতিফলন ঘটায়নি। এ সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে বেশ কিছু কাঠামোগত সমস্যা।
এর মধ্যে অন্যতম হলো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির অসংগতি। ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। কিন্তু এরপর খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে নির্ধারিত মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের মধ্যে ব্যবধান থাকায় শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।
গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের (জিএলডব্লিউসি) মানদণ্ড অনুযায়ী, ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় সরকারি নির্ধারিত মজুরির তুলনায় অনেক বেশি। ফলে মজুরি নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে বকেয়া বেতন পরিশোধে অনিয়ম ও হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রবণতা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ আর্থিক সংকটের কারণে অনেক ছোট ও মাঝারি কারখানা সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, যা একপর্যায়ে আন্দোলন ও সংঘাতে রূপ নিচ্ছে।
কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের অভাব, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া এবং রাজনৈতিক হস্তক্ষেপও এ অস্থিরতা বাড়াচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূল কনভেনশন এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এ শ্রমিকদের সংগঠন করার অধিকার ও সামাজিক সুরক্ষার বিষয়টি স্বীকৃত। কিন্তু বাস্তবে অনেক কারখানায় এসব অধিকার যথাযথভাবে কার্যকর হচ্ছে না।
বিশেষ করে ট্রেড ইউনিয়ন গঠনে বাধা এবং মালিকপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার প্রাতিষ্ঠানিক সুযোগের অভাবে ছোটখাটো সমস্যাও বড় আন্দোলনে রূপ নিচ্ছে। শ্রমিক ও মালিকের মধ্যে আস্থার সংকটের সুযোগে কখনো কখনো স্বার্থান্বেষী তৃতীয় পক্ষও পরিস্থিতিকে উসকে দিচ্ছে।
আইএলওর ২০২১-২০২৬ সালের রোডম্যাপ এবং বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশে শ্রম আইন সংস্কার, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জটিলতা দূর করা এবং শ্রম পরিদর্শনব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারাও এখন শ্রম অধিকার ও সামাজিক মানদণ্ড মেনে চলার বিষয়ে আগের চেয়ে বেশি কঠোর।
এ পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে কিংবা শ্রমিকদের আন্দোলন দমন করে স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং সংঘাতের মূল কারণ চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
প্রথমত, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। যৌক্তিক মজুরি নির্ধারণের পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষ রেশন কার্ড চালু করা যেতে পারে। এর মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করা সম্ভব। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমবে এবং মালিকদের ওপর তাৎক্ষণিক অতিরিক্ত আর্থিক চাপও পড়বে না।
দ্বিতীয়ত, মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় সংলাপ জোরদার করতে হবে। কারখানার অভ্যন্তরে অভিযোগ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা থাকা প্রয়োজন। এতে শ্রমিকদের অভিযোগ দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। কোনো সমস্যা বড় আকার ধারণ করার আগেই উভয় পক্ষের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হবে।
তৃতীয়ত, শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যেসব কারখানা নিয়মিত বেতন দিতে ব্যর্থ হচ্ছে, সেগুলোর আর্থিক সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও বিকেএমইএর সমন্বয়ে তদারকি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। একই সঙ্গে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দরকষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। এতে শ্রমিকদের মধ্যে দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হবে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার পরিবেশ গড়ে উঠবে।
মূলত শিল্পায়নের ভিত্তি হলো অর্থনৈতিক ন্যায়বিচার, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা। শ্রমিক ও মালিক পরস্পরের প্রতিপক্ষ নন; বরং তারা একই উৎপাদনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এক পক্ষের স্বার্থ উপেক্ষা করে অন্য পক্ষের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক বা বাহ্যিক কারণকে দায়ী করার পাশাপাশি এর অর্থনৈতিক ও কাঠামোগত কারণগুলোর সমাধান জরুরি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি নিজেই বাদী হব। তাদের একজন হলো সেই ব্যক্তি, যে কোনো শ্রমিককে কাজে নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে নেয়, কিন্তু তাকে তার পারিশ্রমিক দেয় না।’ (সহিহ বুখারি, হাদিস ২২৭০)। অন্যদিকে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস ৮৯৩)।
অতএব, মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। মালিককে শ্রমিকের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্যদিকে শ্রমিককেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সরকারকে কার্যকর শ্রম তদারকি, ন্যায্য মজুরি ও আলোচনার পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে শিল্প খাতে সংঘাত কমবে এবং বাংলাদেশের শিল্পায়ন আরো টেকসই হবে।
লেখক : ড. মো. রাশেদুল আলম, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!