কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। একসময় যাকে কল্পবিজ্ঞানের গল্প বা গবেষণাগারের বিষয় মনে হতো, বর্তমানে এটি স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, শিল্প ও সামাজিক নিরাপত্তায় উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকর হাতিয়ার। বিপুল তথ্য বিশ্লেষণ করে নতুন প্যাটার্ন খুঁজে বের করা, সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং জটিল সমস্যার সমাধান দেওয়ার সক্ষমতাই এ প্রযুক্তিকে আলাদা করেছে।
এ প্রতিযোগিতার যুগে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশের পিছিয়ে থাকার সুযোগ নেই। আমাদের জনসংখ্যা বিপুল, কিন্তু সম্পদ সীমিত। অর্থাৎ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপ দিতে এআইকে জাতীয় উন্নয়নের অংশ করা এখন সময়ের দাবি। দেশের প্রযুক্তি অবকাঠামো এগোচ্ছে, ডিজিটালাইজেশনে গতি এসেছে। শুধু তা-ই নয়, তরুণ প্রজন্মও উদ্ভাবনে আগ্রহী। এ সুযোগ কাজে লাগানোর সময় এখনই।
বিশ্বজুড়ে মানবসম্পদ ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনছে এআই। বাংলাদেশেও নিয়োগ, কর্মদক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে এর ব্যবহারের সম্ভাবনা বাড়ছে। তৈরি পোশাক কারখানায় হাজিরা দেখা, শিফটের রুটিন করা এবং কত শ্রমিক প্রয়োজন, তার হিসাব করতে এটি সহায়ক হতে পারে। ব্যাংকে প্রার্থীর যোগ্যতা নিরূপণ এবং কোন কর্মীর কী প্রশিক্ষণ প্রয়োজন, তা বুঝতেও এ প্রযুক্তি কাজে লাগে। টেলিকম খাতে হাজার হাজার আবেদন বাছাই, কর্মীদের দক্ষতার ঘাটতি চিহ্নিত করা এবং কে চাকরি ছেড়ে দিতে পারেন, তা আগেভাগে আঁচ করাও সম্ভব। এ ছাড়া সাক্ষাৎকারের সময় নির্ধারণ বা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার মতো দাপ্তরিক কাজও এআই দ্রুত সামলে দিতে পারে। ফলে সময় ও খরচ বাঁচে, একঘেয়ে কাজের চাপ কমে এবং তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তবে বাংলাদেশে এখনো প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়নি। অনেক প্রতিষ্ঠান প্রচলিত এইচআর সফটওয়্যার, এক্সেল ও ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভরশীল। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দক্ষ জনবলের অভাব, ব্যয় এবং কর্মীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: ভালো অবকাঠামো, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য, দক্ষ মানুষ এবং সুস্পষ্ট নীতিমালা। এর কোনো একটির ঘাটতি থাকলে এআই থেকে তেমন লাভ পাওয়া যায় না। উল্টো কখনো কখনো মানুষে মানুষে বৈষম্য বেড়ে যেতে পারে। তাই সবখানে একসঙ্গে এআই চালু না করে প্রতিটি কাজের ধরন বুঝে আলাদা আলাদা পথে এগোনোই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যেসব খাতে অনেক মানুষ কাজ করেন, সেখানে হুট করে সবকিছু স্বয়ংক্রিয় করে ফেললে চাকরি হারানোর ভয় তৈরি হয়। নতুন কাজ শেখার সুযোগ কম থাকলে এ ঝুঁকি আরও বাড়ে।
অন্যদিকে, নির্দিষ্ট কাজে এআই ব্যবহার করলে উৎপাদন বাড়ে, আবার মানুষের কাজও তুলনামূলক নিরাপদ থাকে।
ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ধীরে এগোনোর এ পথ আরও বেশি দরকারি। বড় শহরের বাইরে অনেক জায়গায় ডিজিটাল সুবিধা কম, নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন, দক্ষ লোকেরও অভাব রয়েছে। তাই যেসব খাত আগে থেকেই তুলনামূলক প্রস্তুত, সেখানে আগে শুরু করা যায়। অন্যরা এ সময়ে নিজেদের তৈরি করে নিতে পারে। বাস্তবে এটিই সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে।
খাতভেদে এআইয়ের ব্যবহারও আলাদা হওয়া দরকার। এ ক্ষেত্রে অন্তত চারটি খাতে এর সম্ভাবনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
পোশাক ও উৎপাদন শিল্প: দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে এ খাত থেকে। এখানে অটোমেশন ও এআই ব্যবহার করে সেলাই লাইনের কাজ ভাগ করা, মেশিনের ত্রুটি আগেভাগে শনাক্ত করা এবং তৈরি পণ্যের মান যাচাই করা যায়। এর ফলে অপচয় কমে, পণ্য সরবরাহে দেরি হয় না এবং ক্রেতার কাছে নির্ধারিত সময়ে মান বজায় রেখে পণ্য পাঠানো সহজ হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ে। তবে এখানে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করেন। তাই হুট করে সবকিছু স্বয়ংক্রিয় না করে কর্মীদের নতুন দক্ষতা শেখানোর সুযোগ রেখে ধাপে ধাপে এগোতে হবে, যাতে কেউ হঠাৎ কাজ না হারান।
সরবরাহ ব্যবস্থাপনা ও জ্বালানি: এ দুই ক্ষেত্রে এআইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো খরচ কমানো। বাজারে কোন পণ্যের চাহিদা কত হবে, তার পূর্বাভাস দিয়ে গুদামে কী পরিমাণ মাল রাখতে হবে এবং কোন পথে পণ্য পাঠালে সময় ও পরিবহন ব্যয় কম লাগবে, তা এআই হিসাব করে দিতে পারে। জ্বালানির ক্ষেত্রে কারখানা বা বিদ্যুৎ ব্যবস্থায় কোথায় অকারণে বেশি খরচ হচ্ছে, তা চিহ্নিত করে সাশ্রয়ের পথ দেখানো যায়। এতে উদ্যোক্তার উৎপাদন ব্যয় কমে, পণ্য বাজারে সময়মতো পৌঁছায় এবং সীমিত জ্বালানি সম্পদের অপচয় রোধ হয়। শুধু তা-ই নয়, এসব কাজে মানুষের কর্মসংস্থানে বড় ধরনের ধাক্কা না দিয়েও দক্ষতা বাড়ানো সম্ভব।
কৃষি: এআই কৃষকের জায়গা নেবে না, বরং একজন অভিজ্ঞ পরামর্শদাতার মতো পাশে থাকবে। আবহাওয়ার পূর্বাভাস, মাটির অবস্থা ও ফসলের রোগবালাই বিশ্লেষণ করে কোন সময়ে কোন ফসল বুনলে ভালো ফলন হবে, কখন কতটুকু সেচ বা সার দিতে হবে, তা কৃষককে জানিয়ে দেওয়া সম্ভব। ফলে অপ্রয়োজনীয় খরচ কমে, ফসলের ক্ষতির ঝুঁকি হ্রাস পায় এবং একই জমি থেকে বেশি উৎপাদন মেলে। দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষকের আয় বাড়ানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে।
আর্থিক খাত ও সরকারি সেবা: ব্যাংক, বীমা ও সরকারি দপ্তরে এআই কাজকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে পারে। যেমন অস্বাভাবিক লেনদেন বা জালিয়াতির আভাস আগেভাগে শনাক্ত করা, ঋণের আবেদন যাচাই এবং সেবাপ্রার্থীর আবেদন দ্রুত নিষ্পত্তি করা। এতে সেবা পেতে সময় কম লাগে, হয়রানি ও অনিয়মের সুযোগ কমে এবং সাধারণ মানুষের আস্থা বাড়ে। তবে এ খাতে এআইকে অবশ্যই শক্ত নীতিমালা ও নৈতিক নিয়মের মধ্যে থেকে ব্যবহার করতে হবে। কারণ এখানে ভুল সিদ্ধান্ত সরাসরি মানুষের অর্থ ও অধিকারের ওপর আঘাত হানে।
বিশ্ব অর্থনীতিতে এআই এখন ট্রিলিয়ন ডলারের মূল্য সংযোজন করছে। এ অবস্থায় বলা যায়, অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের এআই ও রোবোটিকস বাজার প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ হারে বাড়তে পারে। ২০২৫ সালে এ বাজারের আকার ছিল আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ এর আকার ২৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ পূর্বাভাস ইঙ্গিত দেয় যে, মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশের এআই বাজারের আকার তিন গুণ হতে পারে, যা ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে জোরালো আগ্রহের বহিঃপ্রকাশ। তবে এআই নিয়ে অতিরিক্ত আশাবাদ বা অতিরঞ্জিত আলোচনা থেকে সতর্ক থাকাও জরুরি। কারণ অনেক ক্ষেত্রেই তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।
এ সম্ভাবনা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন থাকতে পারে না। তবে সাফল্য নির্ভর করবে প্রযুক্তি কতটা প্রাসঙ্গিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে প্রয়োগ করা হচ্ছে, তার ওপর। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত এমন নীতির, যা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে সুরক্ষিত রাখে। আমাদের বিশাল তরুণ কর্মশক্তিই এ রূপান্তরের প্রধান চালিকাশক্তি। তাদের প্রস্তুত করতে শিক্ষা ও প্রশিক্ষণে দুই স্তরের কৌশল প্রয়োজন।
প্রথমত, কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, শিক্ষকসহ বৃহৎ জনগোষ্ঠীর জন্য মৌলিক ডিজিটাল ও এআই-সচেতনতা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ প্রযুক্তিকে ভয় না পেয়ে নিজের কাজে ব্যবহার করতে শেখে।
দ্বিতীয়ত, উচ্চদক্ষ একদল বিশেষজ্ঞ গড়ে তুলতে হবে, যাঁরা স্থানীয় প্রেক্ষাপটে এআই প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে নেতৃত্ব দেবেন। দেশের কৃষি কিংবা পোশাকশিল্পের নিজস্ব চাহিদা বিদেশি প্রযুক্তি পুরোপুরি বোঝে না। এসব বুঝে সমাধান তৈরি করতে পারেন দেশের দক্ষ মানুষেরাই। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা রাখতে পারে। গবেষণা, বিশেষায়িত পাঠ্যক্রম প্রণয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কাজের মাধ্যমে তারা শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে পারে। এতে দক্ষ জনবলের যে ঘাটতি আজ বড় বাধা, তা ধীরে ধীরে কমে আসবে।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের জন্য এআই গ্রহণ কেবল গতির প্রশ্ন নয়, বরং এটি কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, সেটিই বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক সমন্বিত পথচলা, যেখানে প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়াবে, কিন্তু মানুষের ভূমিকাকে সংকুচিত করবে না। বলা যায়, মানুষের মেধা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধনেই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
ফরহাদ এইচ মজুমদার
ফ্রিল্যান্স লেখক ও কেয়ার নিউট্রিশন লিমিটেডে কর্মরত মানবসম্পদ পেশাজীবী
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!