ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত তিন মাসে ধর্ষণ ও যৌন সহিংসতার একাধিক ঘটনা ঘিরে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই ধরনের অভিযোগ এখন শুধু শহর নয় গ্রাম, উপজেলা এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও বিস্তৃত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে এটি কি বিচ্ছিন্ন অপরাধ, নাকি একটি বড় সামাজিক অবক্ষয়?
সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনাগুলোর মধ্যে ঢাকার পল্লবীতে ঘটে যাওয়া একটি ধর্ষণ ও হত্যার ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক তৈরি করে। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় পরিচিত ব্যক্তি, প্রতিবেশী বা পারিবারিক পরিসরের ভেতরে সংঘটিত যৌন সহিংসতার একাধিক অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, ঘটনাগুলো আলাদা মনে হলেও এর পেছনে একটি দীর্ঘমেয়াদি সামাজিক বাস্তবতা কাজ করছে। দ্রুত নগরায়ণ, পারিবারিক সম্পর্কের দুর্বলতা, সামাজিক বিচ্ছিন্নতা ও ডিজিটাল যোগাযোগের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং আইনের প্রয়োগ না থাকাসহ রাজনৈতিক ছত্রছায়া অনেক ক্ষেত্রে ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ অনলাইন মাধ্যমে ঝুঁকিপূর্ণ সম্পর্ক ও যোগাযোগে জড়িয়ে পড়ছে, যা পরবর্তীতে প্রতারণা বা ব্ল্যাকমেইলের ঘটনাতেও রূপ নিচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক গবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলে শিশু যৌন নির্যাতনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী পরিচিত ব্যক্তি বা কাছের পরিবেশের কেউ। এই বাস্তবতা অপরাধ প্রতিরোধকে আরও জটিল করে তুলছে, কারণ ভুক্তভোগীরা অনেক সময় পরিচিত মানুষের বিরুদ্ধে অভিযোগ করতে দ্বিধায় থাকে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের একটি উল্লেখযোগ্য অংশই সামাজিক লজ্জা, ভয় এবং প্রতিশোধের আশঙ্কায় প্রকাশ পায় না। ফলে প্রকৃত ঘটনার সংখ্যা ও রিপোর্ট হওয়া ঘটনার মধ্যে বড় ফারাক থাকে।
বিশ্লেষকদের একটি অংশ বলছেন, স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও কিছু ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, প্রশাসনিক রদবদল বা সমন্বয়হীনতার সময় আইনশৃঙ্খলা কার্যক্রমে সাময়িক দুর্বলতা দেখা দিতে পারে। তবে তারা জোর দিয়ে বলছেন, যৌন সহিংসতা কোনো একক রাজনৈতিক বা প্রশাসনিক কারণে ব্যাখ্যা করা যায় না; এটি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা।
ধর্মীয় ও নৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা মানুষের আচরণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে শুধুমাত্র নৈতিকতা নয় আইনের কঠোর প্রয়োগ, শিক্ষাব্যবস্থা এবং সামাজিক সচেতনতা একসঙ্গে কার্যকর না হলে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ কঠিন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, দ্রুত বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক কলঙ্ক কমানোর উদ্যোগ এখন সময়ের দাবি। একইসঙ্গে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা জরুরি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ধর্ষণ ও যৌন সহিংসতা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি গভীর সামাজিক সংকটের প্রতিফলন, যেখানে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা একসঙ্গে কার্যকর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠবে।
এ বিষয়ে মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান আরটিএনএনকে জানান, দেশে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, এটা একটা বাস্তবতা। এটা অস্বীকার করা যাবে না। দেশে যে পরিমাণে ধর্ষণের ঘটনা ঘটে তা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে চান না অনেক ভুক্তভোগী ও তার পরিবার। আমরা যে ঘটনাগুলো সামনে দেখছি এগুলো অনেক কম। তবে এই ধর্ষণ বৃদ্ধির পেছনে প্রাথমিক ও প্রধান কারণ হলো- ধর্ষকদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কম এবং এর সাজাও কম। যেখানে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড সেখানে একজন ধর্ষক যদি ছাড়া পেয়ে যায়, এটি পরবর্তীতে আবারো ধর্ষককে অপরাধে জড়াতে উৎসাহিত করে।
তিনি বলেন, ধর্ষকদের মধ্যে একটি মানসিক ব্যাপারও রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তারা ভাবে এর সাজা হবে না। তবে শহরে পুরুষতান্ত্রিকতার প্রভাব কম কিন্তু নজরদারির অভাব।
ধর্ষণের প্রতিকারে করণীয় কী হতে পারে এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, শুধু সরকারের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সঙ্গে সমাজ, পরিবার এবং পারিপার্শ্বিক পরিবেশও ঠিক করতে হবে। সরকার দায়ীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং থানা শুধু নয় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কড়া বার্তা দিতে হবে। সাধারণ মানুষের কড়া প্রতিবাদ করতে হবে। ধর্মীয় অনুশাসন এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে।
তিনি বলেন, এনজিও দিয়ে এর প্রতিকার সম্ভব নয়। দেশে এমন অনেক এনজিও রয়েছে যারা অনুদান আনে কিন্তু তা সঠিক খাতে ব্যয় করে না। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মন্দিরে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি প্রতিটি স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে ধর্ষণ রোধের উপায় নিয়ে খোলামেলা আলোচনা ও রুখে দাড়ানোর শিক্ষা প্রদান করতে হবে। দেশের প্রতিটি পক্ষ একসঙ্গে কাজ না করলে ধর্ষণের প্রতিকার সম্ভব নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!