লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর
লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর।   সংগৃহীত ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দল কাঁটাতারের গেট খুলে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে ৬১ বিজিবির কালীরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্যরেখায় ফেরত পাঠান। ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি ওই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার পর বিএসএফ আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

বিজিবি জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। সবশেষ ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করতে দেখা গেছে।