রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৩৬
রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৩৬।   ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এসকাফ সিরাপ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং নগদ ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া এ সময়ে দুই ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।