আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাপানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) টোকিওর হোকুতোপিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন নেতাকর্মীরা। কর্মসূচিতে জাপান যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিনিধিরা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এ সময় জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাপান যুবদলের ভূমিকা অতুলনীয়। দীর্ঘদিন ধরে যুবদলের কমিটি না থাকায় সংগঠনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অতিশিগগিরই কেন্দ্রীয় যুবদলের সঙ্গে সমন্বয় করে জাপান যুবদলের কমিটি ঘোষণা করা হবে।
সভাপতির বক্তব্যে জাপান যুবদলের সংগঠক কাজী সাদেকুল হায়দার বাবলু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাপান যুবদলের ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দ্রুত জাপান যুবদলের কমিটি গঠনের আহ্বান জানান।
সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, সংগঠনটির প্রতিষ্ঠার পটভূমি এবং ৪৮ বছরের সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা তুলে ধরেন। তাঁরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, যুবসমাজের ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক শৃঙ্খলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দারিদ্র্য বিমোচন ও মাদক নির্মূলে গৃহীত পদক্ষেপের প্রসঙ্গও উঠে আসে। বক্তারা জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ তুলে এসব মোকাবিলায় সাংগঠনিক ঐক্য ও সতর্কতার পাশাপাশি গণতান্ত্রিক ও আইনসম্মত পন্থায় সক্রিয় থাকার আহ্বান জানান।
তাঁরা বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় উন্নয়নের প্রশ্নে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
আলোচনা শেষে কেক কেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান আয়োজকেরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্লাবনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাপান যুবদলের সংগঠক কাজী সাদেকুল হায়দার বাবলু। প্রধান অতিথি ছিলেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তারেক, যুববিষয়ক সম্পাদক ইমরান আল ইমু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ প্রিন্স চৌধুরী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শেখ ফয়সাল প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!