পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিও ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, লিসবনের একটি পার্কে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন আকতার হোসেন। এ সময় হঠাৎ এক যুবক তার দিকে ডিম নিক্ষেপ করেন। পরে আরও কয়েকজন একইভাবে ডিম নিক্ষেপ করেন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে হামলাকারীরা আকতার হোসেনকে ঘিরে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আকতার হোসেন দাবি করেন, পর্তুগালে এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে একটি মিটিং শেষে বের হওয়ার পর ‘পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা’ চালানো হয় তার ওপর।
স্থানীয় প্রবাসীদের বরাতে জানা যায়, গত সপ্তাহে আকতার হোসেন পর্তুগালে যান। লিসবনের একটি পার্কে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে।
এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তার দাবি, পর্তুগালে অবস্থানরত কিছু ছাত্রলীগ কর্মী আকতার হোসেনের ওপর অতর্কিত হামলা চালান।
এদিকে এ ঘটনায় এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে সংগঠনের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে থাকা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া আকতার হোসেনের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য জানা যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!