পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।
পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।   ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার আবহ শহরেও ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন। যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার সুযোগ আছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা চলছে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য পাওয়া যাচ্ছে। একই সময়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শতাধিক স্টলে দেশীয় পণ্য ও খাবারের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজনও থাকছে।

বনানী এলাকায় যাত্রাবিরতি কেন্দ্রিক বৈশাখী উৎসবে বাউল গান, পুতুলনাচ ও লোকজ নানা আয়োজনের পাশাপাশি বিনোদনের সুযোগ রয়েছে। কাছেই কামাল আতাতুর্ক পার্কে “লাল বৈশাখী” উৎসবে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ ও কনসার্ট মিলিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। গুলশান–তেজগাঁও লিংক রোডের আলোকি প্রাঙ্গণে আর্কা কালেকটিভের “আর্কা বৈশাখ” উৎসবে মেলা, খাবার ও ব্যান্ড পারফরম্যান্স মিলছে, আর ভাটারার শেফস টেবিল কোর্টসাইডে আলপনা, পাপেট শো, বাউল গান ও সন্ধ্যার কনসার্টসহ বৈশাখ উদযাপন হচ্ছে।

অন্যদিকে পুরান ঢাকায়, বিশেষ করে চকবাজারসহ বিভিন্ন এলাকায়, ঐতিহ্যবাহী বৈশাখী মেলার পরিবেশ পাওয়া যায় যেখানে দেশি খাবার, মাটির তৈরি জিনিসপত্র আর পুরান ঢাকার নিজস্ব লোকজ আবহ একসাথে দেখা যায়। সব মিলিয়ে কোথাও ঐতিহ্য, কোথাও আধুনিক উৎসব আর কোথাও কনসার্ট-ঢাকার বৈশাখ এবার নানা রঙে সাজানো।