র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার, এগিয়েছেন আরও অনেকে, খেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দল, বিসিবি, আিইসিসি, মোস্তাফিজ, মুস্তাফিজ, নাহিদ রানা, মিরাজ, মেহেদি হাসান মিরাজ, নিউজিল্যান্ড, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ,
তাসকিন, নাহিদ, শরীফুলদের র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন।   ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন ঘটেছে এই পেসারের।

গত পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ঝড় তোলেন নাহিদ। ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় এক লাফে ৩২ ধাপ এগিয়ে এখন ৬৪ নম্বরে অবস্থান করছেন তিনি।

শুধু নাহিদই নন, র‌্যাঙ্ক তালিকায় উন্নতি করেছেন দলের আরও কয়েকজন বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া শরীফুল ইসলাম উঠে এসেছেন ৩৯ নম্বরে। ২০২৪ সালের ডিসেম্বরের পর এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফেরেন বাঁহাতি এই পেসার। এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে এগিয়েছেন ১০ ধাপ, তাঁর বর্তমান অবস্থান ৫৮তম।

ব্যাটসম্যানদের তালিকাতেও এসেছে পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলা ওপেনার তানজিদ হাসান এগিয়েছেন ১৪ ধাপ, এখন তিনি ৪০ নম্বরে। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহিদ হৃদয় ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। আর ফিফটি করা নাজমুল হোসেন এক ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে।

তবে এই সিরিজে না খেলেও ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

অন্যদিকে কিছুটা পিছিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ নেমে এখন তার অবস্থান ৮ নম্বরে। সিরিজের প্রথম দুই ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি।

চোটের কারণে প্রথম দুই ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমানও পিছিয়েছেন ৭ ধাপ, বর্তমানে তার অবস্থান ৫৫তম।

এমএকেই/আরটিএনএন