পিএসএল, পাকিস্তান সুপার লিগ, ক্রিকেট
পিএসএল শিরোপা।   ছবি: সংগৃহীত

আসন্ন আইপিএলে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় তাকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছে।

আইপিএল থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের মধ্যেই নতুন ঠিকানা খুঁজে নিলেন মুস্তাফিজ। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিবন্ধন করেছেন তিনি। পিএসএলের ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, আসন্ন পিএসএলের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। এ তালিকায় এখন পর্যন্ত মুস্তাফিজসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

এবারের পিএসএল ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে, আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২৬ মার্চ। সূচির এই মিল কাকতালীয় হলেও মুস্তাফিজের জন্য এটি নতুন এক চ্যালেঞ্জ ও সম্ভাবনার গল্প হয়ে উঠছে। গেল মৌসুমে দল না পেলেও এবারের পিএসএলে তার দলে ভেড়ার সম্ভাবনা বেশ জোরালো।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সে আসরে ৫ ম্যাচে ৪টি উইকেট শিকার করেন তিনি। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন এই তারকা পেসার। বর্তমান ফর্ম বিবেচনায় মুস্তাফিজের জন্য পিএসএল হতে পারে নতুন করে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।