একই দাবিতে ডাকসু ভিপির পর সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন জিএস
একই দাবিতে ডাকসু ভিপির পর সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন জিএস   ছবি : সংগৃহীত

সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদের আলোকে স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। একই দাবিতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের পর এবার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দিয়েছেন তিনিও।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন এস এম ফরহাদ।

স্ট্যাটাসে তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি এবং ডাকসু ওই সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এস এম ফরহাদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের সবার মধ্যেই একটি অভিন্ন স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল। হাজারো শহীদ ও আহতের আত্মত্যাগের বিনিময়ে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে উঠবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সেই চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই তিনি ও ডাকসু মতবিনিময় সভা বর্জন এবং পুরো প্রক্রিয়া থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সভা বর্জনের কারণ তুলে ধরে এস এম ফরহাদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ৬৮ দশমিক ৫৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রকাশিত এই রায় বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ সরকার ও সংসদীয় কমিটি জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে আংশিক সংশোধনের মাধ্যমে পুরোনো সাংবিধানিক কাঠামো বহাল রাখতে চাইছে। এটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল।

সংবিধানের ১৪২ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, এ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে। তবে এই ক্ষমতা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের গাঠনিক ক্ষমতা নয়। জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ ৪৮টি বিষয়ে প্রস্তাব রয়েছে। এসব বিষয় সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত। ফলে সংসদের সীমিত সংশোধনী ক্ষমতা দিয়ে এসব মৌলিক পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তিনি।

এস এম ফরহাদ আরও বলেন, বিদ্যমান সংবিধানের অধীনে একতরফাভাবে সংশোধনীর মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করা হলে তা ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অতীতে পঞ্চম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়ার পরও আদালত সেগুলো বাতিল করেছেন। তাই জনগণের প্রত্যক্ষ রায়ের ভিত্তিতে স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংসদ সদস্যদের মাধ্যমে সংশোধনী আনা হলে তার আইনি স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংশোধন তারা মানেন না। অবিলম্বে এই একতরফা প্রক্রিয়া বন্ধ করে গণভোটে প্রকাশিত জনগণের রায় অনুযায়ী জুলাই সনদের আলোকে স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যেকোনো সৎ ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগে ডাকসু সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, একতরফা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কোনো প্রক্রিয়ার অংশ হবে না ডাকসু।