জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দু ও ইহুদিরা
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দু ও ইহুদিরা   ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির হিন্দু ও ইহুদি সম্প্রদায়ের সংগঠনগুলো। হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসা করায় তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে সংগঠনগুলো। একই সঙ্গে তার ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাঁচ দিনের সফরে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন তিনি।

সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের একটি বড় সমাবেশে তাকে স্বাগত জানানো হয়। এ ছাড়া সপ্তাহান্তে চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি। তবে তাঁর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার কারণ জানতে চেয়েছে। পাশাপাশি দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা-ও জানতে চেয়েছে সংগঠন দুটি।

এজেএর সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, অস্ট্রেলিয়া সরকার সামাজিক সম্প্রীতি ও বিভেদমূলক বক্তব্যের কারণ দেখিয়ে ইসরায়েলের সাবেক মন্ত্রী আয়েলেত শাকেদকে প্রবেশের অনুমতি দেয়নি এবং দেশটির সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে।

তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলি রাজনীতিবিদদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হলেও হামাসের সন্ত্রাসীদের প্রকাশ্যে প্রশংসা করা একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো?

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দিয়েছিলেন ডা. শফিকুর রহমান। সিনওয়ারের মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই করে তিনি জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদাত আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’

একইভাবে হামাসের নিহত রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে নিয়েও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছিলেন জামায়াত আমির।

এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ডা. শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়েছেন দেশটির একাধিক ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা। অভিবাসন আইনের আওতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে তাঁকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের আহ্বান জানানো হয়েছে। বুধবার তাঁর নির্ধারিত সফর শেষ হওয়ার কথা।

সিডনির অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনের তৈরি করা একটি আবেদনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য অস্ট্রেলিয়ার অভিবাসনসংক্রান্ত চরিত্রগত মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশটির সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে।

রেমন্ড সালোমন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘টনি বার্ক অস্ট্রেলিয়ার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাউকে ভিসা দেওয়ার আগে তার অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত অবস্থান আরও সতর্কতার সঙ্গে যাচাই করা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অস্ট্রেলিয়ার জনগণের জীবন ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে স্বার্থের সংঘাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রেমন্ড সালোমনের আবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে প্রশংসা অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ ছাড়া ইরানের সঙ্গে ডা. শফিকুর রহমানের কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতিমধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে ভিসা দেওয়ার আগে ডা. শফিকুর রহমানের বক্তব্য ও কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না, তাঁর আবেদন চরিত্রগত যাচাইয়ের আওতায় ছিল কি না এবং বিতর্কিত সফরকারীদের পর্যালোচনাকারী ইউনিটে পাঠানো হয়েছিল কি না—এসব প্রশ্নের সরাসরি জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

তবে তাঁর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য ভিসার আবেদন করা সব বিদেশি নাগরিককে স্বাস্থ্য, চরিত্র ও নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে এসব শর্ত পূরণ করতে হয়।