থানা-পুলিশহীন গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
থানা-পুলিশহীন গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫   ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, থানা নিষিদ্ধ লীগ পুড়িয়ে দেওয়ার পর বর্তমানে গোপালগঞ্জের কোনো থানাতেই পুলিশের তেমন উপস্থিতি নেই। এ কারণে সংঘর্ষের সময় পুলিশের বাধা কিংবা এ ঘটনায় কোনো মামলা দায়েরের ঘটনাও ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জেরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।