আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচনের আগে তাদের অভয় দিয়ে মাঠে নামার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তবে এবার সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেই গোপালগঞ্জে তার দলের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মহসিন শেখের ব্যবসাপ্রতিষ্ঠানে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে মহসিন শেখের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলটির ঘোষিত আট দফা দাবি এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। ১৯ নভেম্বর দলটির আহূত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার এ কর্মসূচি পালন করেন তারা।
নুরুল হক নুরের আগের বক্তব্যের সঙ্গে বর্তমান ঘটনার যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। গত ৩ ফেব্রুয়ারি একাত্তর টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন নুর। তাঁদের কোনো ধরনের গ্রেপ্তার বা হয়রানির আতঙ্ক না রেখে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তারেক রহমান যেহেতু বিএনপিকে দায়িত্ব দিয়েছেন, তিনিও ওই অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব নিলেন। তাদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও বলেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নুর, এবার সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই তার দলের জেলা সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে রোববার সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ার গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।
এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন নেতাকর্মীরা। মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে সমবেত হয়। সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ঘিরে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন তারা। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।
পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন।
সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি।
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যত দিন দেশে ফিরিয়ে আনতে না পারব, তত দিন রাজপথে তাদের আন্দোলন চলবে।’
এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!