রাজধানীর ৩০০ ফুট সড়ক। মধ্যরাতে সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক একটি প্রাইভেট কার আটক করার চেষ্টা করছেন। গাড়িটি না থামানোয় বাইরে থেকে যুবকেরা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছেন। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা চিৎকার করে ভাঙচুর না করার আকুতি জানাচ্ছেন। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টে না থেমে দ্রুতগতিতে চলে যায়।
সোমবার ( ২৩ নভেম্বর) দিবাগত রাত থেকে ৩০০ ফুট সড়কের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা বলে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে গভীর রাতে একটি প্রাইভেট কার থামিয়ে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গাড়ির ড্যাশক্যামে ধারণ করা ভিডিওতে তাদের তৎপরতার দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাটি কবে ও কখন ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনগুলোয় স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
কিছুদিন ধরে গোপালগঞ্জ ও নড়াইলের সহিংসতার ঘটনা, পোশাকশ্রমিকদের মজুরির দাবিতে অস্থিরতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে লাখ লাখ মানুষ এসব ভিডিও দেখেছেন। হাজার হাজার মানুষ এটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উল্লেখ করে সমালোচনা করেছেন।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ( ২৪ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে ভিডিওটি সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০০ ফুট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে ডিএমপির বিজ্ঞপ্তিতেও ডাকাতির দাবি করা ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
আসলে কী ঘটেছিল
৩০০ ফুট সড়ক এলাকাটি ডিএমপির গুলশান বিভাগের খিলক্ষেত থানার আওতাধীন। খিলক্ষেত থানা পুলিশও ঘটনাটি ১৮ নভেম্বরের বলে নিশ্চিত করেছে।
খিলক্ষেত থানা পুলিশের দাবি, ঘটনাটি ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টার ভেতর ৩০০ ফুট সড়কের। ওই দিন লকডাউন কর্মসূচি উপলক্ষে রূপগঞ্জ থানার নীলা মার্কেট–সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউনে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঘটনাস্থলের কাছেই রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ নেতা–কর্মী আগে থেকেই অবস্থান করছিলেন। তাঁরা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। মোস্তাফিজুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভুঁইয়াও সেখানে অবস্থান করছিলেন।
পুলিশ আরও জানায়, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ছাত্রদল–যুবদলের নেতা–কর্মীরা তাৎক্ষণিকভাবে একটি প্রাইভেট কার শনাক্ত করেন। পরে তাঁরা ১০-১২টি মোটরসাইকেলে করে প্রাইভেট কারটিকে ধাওয়া করেন। গাড়িটি দ্রুতগতিতে ঢাকার দিকে রওনা দেয়। একপর্যায়ে খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টে এসে পৌঁছালে গাড়িটির গতি কমে আসে। সে সময় মোটরসাইকেলে থাকা নেতা–কর্মীরা প্রাইভেট কারটি ভাঙচুর করেন। তবে গাড়িটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে আর সেটিকে আটক করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিবলু ভূঁইয়া মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) বিকেলে বলেন, গাড়িটি থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে তিনি পূর্বাচল পুলিশ ফাঁড়ির এক সদস্যের সহায়তায় মস্তুল চেকপোস্টে খবর পাঠান। পুলিশ ওই চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দিলেও সেটি থামেনি। এ কারণে তাঁদের নেতা–কর্মীরা গাড়িটি ধাওয়া করে ভাঙচুর করেন। অথচ এটিকে ডাকাতির ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবার বিরত থাকা উচিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!