ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হয় কেন, রোগের লক্ষণ নয় তো?
ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হয় কেন,রোগের লক্ষণ নয় তো?   ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা অনুভব করেন অনেকেই। সারা রাত বিশ্রামের পরও কেন শরীর ব্যথা হয়-এ প্রশ্ন প্রায়ই দেখা যায়। কেউ কেউ আবার ভাবেন, দিনভর আরামদায়ক পরিবেশে কাজ করার পরও কেন সকালে শরীর ব্যথা নিয়ে ঘুম ভাঙে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি সবসময় সাধারণ নয়; কখনও কখনও এটি শারীরিক জটিলতার ইঙ্গিতও হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ঘুমের ভঙ্গি, বিছানার মান, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সকালে শরীর ব্যথা হতে পারে। সময়মতো কারণ শনাক্ত করে ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

ভুল ভঙ্গিতে ঘুমানো শরীর ব্যথার অন্যতম কারণ। বিশেষ করে উপুড় হয়ে বা পেটে ভর দিয়ে ঘুমানোর অভ্যাস থাকলে সকালে ঘাড়, পিঠ ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা দেখা দিতে পারে। এছাড়া মেরুদণ্ড বাঁকা বা অস্বাভাবিক ভঙ্গিতে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে মাংসপেশিতে চাপ পড়ে। এতে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং সকালে উঠে শরীর ক্লান্ত ও ব্যথাযুক্ত অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, ভালো ঘুমের জন্য উপযুক্ত বিছানা বা তোশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নরম বা বেশি শক্ত ম্যাট্রেস মেরুদণ্ডের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। এর ফলে কোমর, ঘাড় বা পিঠে ব্যথা দেখা দেয়। সাধারণত মাঝারি থেকে কিছুটা শক্ত ম্যাট্রেস শরীরের জন্য উপযোগী বলে বিবেচিত হয়। তবে যাদের ওজন বেশি বা মেরুদণ্ডজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য বাড়তি সাপোর্টযুক্ত তোশকের প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো তোশকও শরীর ব্যথার কারণ হতে পারে।

পর্যাপ্ত ও গভীর ঘুমের অভাবও সকালে শরীর ব্যথার অন্যতম কারণ। ঘুম কম হলে শুধু মাংসপেশির ব্যথা নয়, মাথাব্যথা ও ক্লান্তিও বাড়তে পারে। একইসঙ্গে শরীরের ব্যথা সহ্য করার ক্ষমতাও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত ঘুম শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ব্যথা আরও বাড়িয়ে দেয়। এছাড়া স্লিপ অ্যাপনিয়া, জেট ল্যাগ বা ঘুমের অন্যান্য সমস্যাও শরীর ব্যথার জন্য দায়ী হতে পারে।

স্লিপ বিশেষজ্ঞ ডা. লুলু গুও বলেন, নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস, শান্ত ও অন্ধকার পরিবেশ এবং ঘুমসংক্রান্ত সমস্যার চিকিৎসা করলে সকালে শরীর ব্যথা অনেকটাই কমানো সম্ভব। এছাড়া কিছু শারীরিক সমস্যার কারণেও সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হতে পারে। এর মধ্যে রয়েছে বাত বা আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, কারপাল টানেল সিনড্রোম, প্লান্টার ফ্যাসাইটিস, পুষ্টির ঘাটতি, অতিরিক্ত মানসিক চাপ, অন্তঃসত্ত্বা অবস্থা, অতিরিক্ত ওজন, ভাইরাসজনিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা কিংবা আঘাতজনিত সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, যদি নিয়মিত সকালে শরীর ব্যথা হয় এবং এর কারণ স্পষ্ট না থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।