কিছু জিনিস মানুষ কখনোই ভুলতে পারে না-তার মধ্যে অন্যতম হলো পরিবারের, বিশেষ করে মা, দাদি বা নানির হাতে রান্না করা খাবার।
কিছু জিনিস মানুষ কখনোই ভুলতে পারে না-তার মধ্যে অন্যতম হলো পরিবারের, বিশেষ করে মা, দাদি বা নানির হাতে রান্না করা খাবার।   ছবি: সংগৃহীত

জীবনের নিয়মে মানুষ এগিয়ে যায়, পুরোনো অভ্যাস ও স্মৃতি অনেক সময় পেছনে পড়ে থাকে। নতুনের সঙ্গে পরিচয় হলেও কিছু জিনিস মানুষ কখনোই ভুলতে পারে না-তার মধ্যে অন্যতম হলো পরিবারের, বিশেষ করে মা, দাদি বা নানির হাতে রান্না করা খাবার।

অনেক সময় একই উপকরণ, একই রেসিপি অনুসরণ করেও সেই খাবারের স্বাদ ঠিক আগের মতো হয় না। কারণ শুধু রান্না নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, যত্ন এবং স্মৃতির আবেগ।

স্বাদের সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি

শৈশবের চেনা কোনো খাবারের সঙ্গে থাকে অনেক স্মৃতি। যেমন-বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই বিশেষ হয়ে ওঠে। কিন্তু বড় হয়ে সেই খিচুড়ি খেলেও অনেক সময় মনে হয় কিছু যেন কম আছে—সেই “কিছুটা” হলো পরিবারের মানুষদের উপস্থিতি ও তাদের স্নেহ।

মায়ের যত্নে তৈরি খাবারই সবচেয়ে আলাদা

শৈশবে অসুস্থ অবস্থায় মা যখন সবার কাজ সামলিয়ে আলাদা করে সন্তানের জন্য খাবার তৈরি করতেন, সেই মুহূর্তগুলো শুধু স্বাদের নয়, ভালোবাসার স্মৃতিও হয়ে থাকে। খাবারের সঙ্গে সেই যত্ন ও স্নেহের অনুভূতি জড়িয়ে যায়, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়।

পারিবারিক ঐতিহ্যের অংশ রান্না

অনেক পরিবারের কিছু বিশেষ খাবার প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে। দাদি হয়তো শিখেছিলেন তার মায়ের কাছ থেকে, আবার সেটি পরবর্তীতে পরিবারের ঐতিহ্যে পরিণত হয়েছে। এসব খাবার শুধু খাদ্য নয়, বরং পারিবারিক ইতিহাসের অংশ।

রেসিপির চেয়ে অনুভূতিই বড়

পারিবারিক রান্নার রেসিপি সবসময় নির্দিষ্টভাবে সংরক্ষণ করা সম্ভব হয় না। অনেক সময় আন্দাজে মসলা দেওয়া, সময় ও আঁচের পার্থক্যের কারণে স্বাদ বদলে যায়। তবুও সেই খাবারের প্রতি আকর্ষণ কমে না, কারণ সেখানে থাকে আবেগ ও স্মৃতি।

বিশ্বের যত ভালো খাবারই থাকুক না কেন, মা, দাদি বা নানির হাতের রান্নার জায়গা কখনোই কেউ পূরণ করতে পারে না। কারণ এই স্বাদের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, স্মৃতি এবং পরিবারের বন্ধন।

সূত্র: গার্ডিয়ান