হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত নতুন এই দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন এই মামলায় আসামি আখতারুজ্জামান আদালতে হাজিরা দেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা বিমানবন্দর থানা পুলিশ তা দাখিল করতে পারেনি। এ কারণে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে এই মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আখতারুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি সে সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!