৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে
৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে   ছবি : সংগৃহীত

চেক ডিজঅনারের মামলার বিচারিক এখতিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে চেকের অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা বা এর কম হলে সংশ্লিষ্ট মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করবেন যুগ্ম দায়রা জজ আদালত।

একই সঙ্গে সংশোধিত আইনের বিধান অনুযায়ী, যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার ওই আদালতের নেই বলেও স্পষ্ট করেছেন হাইকোর্ট। ফলে দীর্ঘদিন ধরে ভুল আদালতে বিচারাধীন থাকা এসব মামলার বিচারিক এখতিয়ার নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনের পথ তৈরি হলো।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন জানান, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ সংশোধন করে সরকার চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নতুন করে নির্ধারণ করে। সংশোধিত আইনে পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতের এবং পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের মামলার বিচার মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ারভুক্ত করা হয়।

তবে আইন সংশোধনের পরও বিভিন্ন আদালতে এ বিধানের যথাযথ প্রয়োগ হচ্ছিল না। ফলে পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনার মামলাও যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন থাকছিল।

এ পরিস্থিতিতে জয়পুরহাটের একটি মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন। মামলাটি ছিল এক লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনার সংক্রান্ত। সংশোধিত আইন অনুযায়ী, মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হলেও তা যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।

আইনজীবী জানান, গত ২৮ অক্টোবর এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় হাইকোর্টে আবেদন করেন তিনি। মামলাটির রায়ের তারিখ নির্ধারিত ছিল ২৯ অক্টোবর। ওই দিন আদালত সংক্ষিপ্ত রুল জারি করেন। পরে ৮ নভেম্বর শুনানি শেষে রুলটি অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন আদালত।

আইনজীবী আরও বলেন, সংশোধিত আইনের বিধান অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের। পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবেন যুগ্ম দায়রা জজ আদালত। ফলে যুগ্ম দায়রা জজ আদালতে বর্তমানে বিচারাধীন পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের মামলাগুলোর বিচার করার এখতিয়ার ওই আদালতের আর নেই।

আইনের সংশোধন ও রায়ের গুরুত্ব

২০২৬ সালের ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর মাধ্যমে মূল আইনের ১৪১ ধারার (সি) দফা সংশোধন করা হয়। ২০২৬ সালের ৬৫ নম্বর আইন হিসেবে এটি অবিলম্বে কার্যকর হয়।

এই সংশোধনীর মাধ্যমে চেকের অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা অতিক্রম করলে সংশ্লিষ্ট মামলা যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে এবং অন্যান্য ক্ষেত্রে মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের বিধান করা হয়।

হাইকোর্টের এ রায়ের ফলে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর হওয়ার পাশাপাশি সংশোধিত আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হলো। এতে আদালতের ওপর মামলার চাপ কমানো এবং বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করার পথও সুগম হতে পারে।