কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক
কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক   ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবারও সচল হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আরটিজিএস লেনদেন।

এর আগে সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস সেবা। এ সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

আরটিজিএস একটি তাৎক্ষণিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে দ্রুত অর্থ পাঠানো যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না।

বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন পরিমাণ এক লাখ টাকা। ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আরটিজিএস সেবা চালু করে।