বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ডলার ছাড়ের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে।
পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পড়াশোনার জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন গ্রাহকরা।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
এছাড়া বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হতো। নতুন নির্দেশনায় এ শর্ত তুলে দেওয়া হয়েছে। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে (করেসপন্ডেন্স কোর্স) নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এসব খাতে এখন থেকে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজেতে (Form FMJ) ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!