বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে যৌনপল্লীতে বিক্রি
বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে যৌনপল্লীতে বিক্রি   ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে তাকে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যৌনপল্লী সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

ওই কিশোরী জানায়, গত ১৯ নভেম্বর অজ্ঞাত এক নারী তাকে ঢাকার সাভার থেকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া নিয়ে আসে। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূরের কাছে বিক্রি করে দেয়। সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয় কিশোরী। এ সময় সে উদ্ধারের আকুতি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে অভিযুক্ত কোহিনূরকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ওই কিশোরী পালানোর চেষ্টা করলে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূর ও তার লোকজন ধাওয়া করে। একপর্যায়ে দৌড়ে সে রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন এলাকায় গিয়ে দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয়।

সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত বলে ওই কিশোরী। তার বাড়ি গাইবান্ধায়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।