ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী, জরুন, ভোগড়া ও নাওজোরসহ শ্রীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
এদিকে, গাজীপুরে একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে এর আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এ ছাড়া মঙ্গলবার সকালে গাজীপুরের ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তাঁরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাস্টারবাড়ি ও মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!