বিয়ে, চাকরি ও উন্নত জীবনের সুযোগ দেওয়ার কথা বলে পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যাশিশুদের চীনসহ বিভিন্ন দেশে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, সামাজিক ‘কলঙ্ক’, ভয় ও নীরবতার কারণে প্রকৃত ঘটনা উঠে আসেনি। বাস্তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে।
সোমবার (২৩ নরভম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মানব পাচারবিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়।
‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি ও নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় দাবি করা হয়েছে, গত পাঁচ বছরে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টির বেশি মানব পাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। পাচারকারীরা মূলত প্রতারণামূলক বিয়ে, বিদেশে চাকরি ও উন্নত জীবনযাপনের সুযোগ দেওয়ার কথা বলে নারীদের ফাঁদে ফেলছে।
গবেষণায় দাবি করা হয়, পাচারকারী চক্র আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এ ছাড়া জন্মনিবন্ধন, বয়স, নাম ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মও পাচার প্রক্রিয়াকে সহজ করছে।
গবেষকদের পর্যবেক্ষণে, দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষা ও কর্মসংস্থানের সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পার্বত্য অঞ্চলের নারী ও কিশোরীদের পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেক নারী সেখানে গিয়ে গৃহস্থালি শ্রমে বাধ্য হচ্ছেন। তাঁদের অনেকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি ব্যক্তিস্বাধীনতাও হারাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, বিদেশে অবস্থানরত অনেক নারী প্রতারণা ও বৈষম্যের শিকার হচ্ছেন। মানব পাচার প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হওয়ার পর অনেক ক্ষেত্রে বাদীপক্ষ আপস-মীমাংসায় চলে যায়। এতে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। পাচারের শিকার নারীদের অভিজ্ঞতা নিয়ে আরও গবেষণা এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সংকট বা আবেগঘন বিষয় প্রকাশের কারণে অনেক তরুণী পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এ জন্য ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো জরুরি।
সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা এবং কারবারি অঞ্জলি ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান। গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা স্মৃতি রঞ্জন ধামাই।
গবেষণাটি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতা ও পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার নেওয়া হয়। পাশাপাশি তিনটি ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি), ১০টি কেস স্টাডি, ১৫ জন অংশগ্রহণকারীর যাচাই কর্মশালা এবং ২০ থেকে ৩০টি প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করা হয়েছে।
গবেষণায় মানব পাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা কর্মসূচি জোরদার, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনে কঠোর যাচাই, ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, আন্তদেশীয় সহযোগিতা বাড়ানো এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!